স্বামীকে মাদক সেবনে বাধা দেওয়ায় ঢাকায় স্ত্রীকে হত্যা করে লাশ দেশের বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুরে আনার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে উপজেলার জলিরপাড় ইউনিয়নের তালবাড়ী গ্রামে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করেছে।
নিহতের পরিবারের লোকজন জানান, মুকসুদপুর উপজেলার তালবাড়ী গ্রামের সুকুমার মণ্ডলের ছেলে সঞ্চয় মন্ডলের (২৩) সঙ্গে খুলনা জেলার সদর উপজেলার তুতপাড়া এলাকার আশিষ বিশ্বাসের মেয়ে প্রিয়ার (১৯) দুই বছর আগে বিয়ে হয়। বিয়ের ৫ মাস পর জাহাজের ওয়েল্ডিংয়ের কাজের সুবাদে ঢাকার নারায়নগঞ্জ জেলার রূপগঞ্জ থানার দাউদপুর এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করে আসছিল। স্বামী সঞ্চয় মন্ডল প্রায়ই নেশা করে বাসায় আসতো। এর জের ধরে বুধবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে স্বামী সঞ্চয় শ্বাসরোধ করে তার স্ত্রীকে হত্যা করে গাড়ি ভাড়া নিজেই দেশের বাড়িতে নিয়ে আসে।
নিহতের মা বেলেকা বিশ্বাস বলেন, ‘বুধবার রাত ৮টার দিকে আমার মেয়ে প্রিয়া মোবাইলে আমি আর বাঁচবোনা বলে শেষ কথা বলে। এ সময় আমার মেয়ের হাত থেকে মোবাইল কেড়ে নেয় জামাই সঞ্চয় মন্ডল। এরপর তার মোবাইল বন্ধ পাওয়া যায়। বৃহস্পতিবার আমার মেয়ের মৃত্যুর সংবাদ পেয়ে তার শ্বশুরবাড়ি আসি। আমি এই হত্যার বিচার চাই।’
নিহতের মামা পূর্ণ শিকদার বলেন,‘ নেশাগ্রস্ত ভাগ্নিজামাই সঞ্চয় নিজেই তার স্ত্রীকে হত্যা করে গাড়ি ভাড়া করে দেশের বাড়ি নিয়ে আসে। আমি এ হত্যার বিচার চাই।’
স্বামী সঞ্চয় মন্ডল বলেন, ‘আমি আমার স্ত্রীকে হত্যা করিনি। সে নিজেই আত্মহত্যা করেছে।’
আরও পড়ুনঃ প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রতিবন্ধী শিক্ষার্থীদের ভাতা আত্মসাতের অভিযোগ
মুকসুদপুরের সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মহিদুল ইসলাম বলেন, ‘মৃত্যুর অভিযোগ পেয়েছি। লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ বলা যাবে।’
ইত্তেফাক/নূহু
