ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ফের চেন্নাই সুপার কিংসের (সিএসকে) সেই হলুদ জার্সি পরে খেলতে দেখা যেতে পারে দলটির সাবেক অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনিকে।
বুধবারে নয়াদিল্লিতে আইপিএলের গভর্নিং কাউন্সিলের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় যে, পরের আইপিএলের জন্য ক্রিকেটার ধরে রাখতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো। যার পরেই ধরে নেওয়া হচ্ছে ধোনি তার প্রিয় সিএসকে-তে আবার ফিরে যাবেন।
স্পট ফিক্সিং এবং বেটিংয়ে যুক্ত থাকায় সিএসকে এবং রাজস্থান রয়্যালস-কে আইপিএল থেকে দু’বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছিল। ধোনি চলে গিয়েছিলেন পুণেতে। কিন্তু তা বলে সিএসকে মালিক এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের সাবেক প্রেসিডেন্ট নারায়ণস্বামী শ্রীনিবাসনের সঙ্গে ধোনির কোনও ভাবেই সম্পর্ক খারাপ হয়নি। বরং দেখা গিয়েছে, শ্রীনিবাসনের তামিলনাড়ু প্রিমিয়ার লিগের সময় চেন্নাইয়ে হাজির হয়ে গিয়েছেন ধোনি। ফলে ধরেই নেওয়া হচ্ছে, পরের বছর সিএসকে-র হয়েই মাঠে নামবেন তিনি।
গভর্নিং কাউন্সিলের বৈঠকে এ দিন ঠিক হয়, প্লেয়ার্স রিটেনশন (নিলামের আগে) এবং রাইট টু ম্যাচ (নিলামের সময়) পদ্ধতি মিলিয়ে মোট পাঁচ জন ক্রিকেটার ধরে রাখতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো।সিএসকে এবং রাজস্থান রয়্যালস অবশ্য সে সব ক্রিকেটারদেরই নিতে পারবে যাঁরা ২০১৫ সালে যথাক্রমে তাদের দলের হয়ে খেলেছিলেন এবং পরবর্তীকালে পুণে এবং গুজরাটের হয়ে খেলেছেন।
ইত্তেফাক/রেজা
