মোমিন হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড বহাল

আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৭, ০০:৫৫

রাজধানীতে কলেজ ছাত্র মোমিন হত্যা মামলার আসামি সাখাওয়াত হোসেন জুয়েল ও তারেক ওরফে জিয়ার মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। একইসঙ্গে শীর্ষ সন্ত্রাসী হাবিবুর রহমান তাজ, হাসিবুল হক জনি, মনির হাওলাদার, মো. জাফর, শরিফ উদ্দিন ও ঠোঁট উঁচা বাবুকে নিম্ন আদালতের দেওয়া যাবজ্জীবন সাজার রায় বহাল রাখা হয়েছে।

ডেথ রেফারেন্স ও আপিলের ওপর গতকাল এ রায় ঘোষণা করেন বিচারপতি ভবানী প্রসাদ সিংহ ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।

এদিকে হাইকোর্টে আপিল বিচারাধীন থাকাবস্থায় ২০১৫ সালের ডিসেম্বর মাসে কারাগারে মারা যান মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত অন্যতম আসামি মতিঝিল থানার তত্কালীন ওসি একেএম রফিকুল ইসলাম।

বাড়ির সীমানা নিয়ে বিরোধকে কেন্দ্র করে ২০০৫ সালের ১৩ সেপ্টেম্বর রাজধানীর কাফরুলে কমার্স কলেজের ছাত্র কামরুল ইসলাম মোমিনকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় ওসি রফিকসহ ২৬ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন নিহতের পিতা আব্দুর রাজ্জাক।

২০১১ সালের ২০ জুলাই ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল এক রায়ে ওসি রফিকসহ তিন আসামিকে মৃত্যুদণ্ড ও পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী তাজসহ ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। পরে মামলাটি ডেথ রেফারেন্স আকারে হাইকোর্টে আসে। পাশাপাশি দণ্ডপ্রাপ্তরা আপিল করেন। শুনানিতে রাষ্ট্রপক্ষে সহকারী অ্যাটর্নি জেনারেল বশির আহমেদ এবং আসামিপক্ষে একেএম তৌহিদুর রহমান শুনানি করেন। রায়ের পর সহকারী অ্যাটর্নি জেনারেল বশির আহমেদ জানান, দণ্ডপ্রাপ্তদের মধ্যে ছয়জনই পলাতক রয়েছেন।

ইত্তেফাক/নূহু