বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসরের সবচেয়ে ধারাবাহিক দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ভারসাম্যপূর্ণ দল, প্রতিপক্ষকে বিচারে দারুণ সব পরিকল্পনা-কৌশল, কিম্বা চমকে দেওয়ার মিশনে এবার দারুণ সফল সাবেক চ্যাম্পিয়নরা।
আজ সন্ধ্যায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে কোয়ালিফায়ার-১ ম্যাচে কাগজে-কলমে টুর্নামেন্টের সবচেয়ে শক্তিশালী দল ঢাকা ডায়নামাইটসের বিরুদ্ধে কুমিল্লার একাদশে থাকতে পারে চমক। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তান-আয়ারল্যান্ড দ্বিতীয় ওয়ানডে শেষ হবে বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ১২টায়। ঢাকা-দুবাই ফ্লাইট হয়ে রশিদ খানের আজ ঢাকায় ফেরার সম্ভাবনা প্রবল। আর সবকিছু ঠিক থাকলে আজকের ম্যাচে কুমিল্লার একাদশে আফগান এ লেগ স্পিনারকে দেখলে অবাক হওয়ার কিছু থাকবে না।
গতকাল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের দল সূত্রে এমনটাই জানা গেছে। যদিও রশিদ খানকে রেখে এবং তাকে ছাড়া, দুইভাবেই পরিকল্পনা করছে কুমিল্লা। ৭ ম্যাচে ছয় উইকেট পেলেও কুমিল্লার জয়ে বড় অবদান ছিল রশিদের। পরে জাতীয় দলের টানে ফিরে গিয়েছিলেন তিনি। সূত্র জানায়, আফগান ক্রিকেট বোর্ডের সঙ্গে সমঝোতায় আজ আবার কুমিল্লার জার্সিতে দেখা যেতে পারে রশিদ খানকে।
জিতলেই ফাইনাল। হারলেও শেষ হয়ে যাবে না ফাইনালে যাওয়ার সুযোগ। ম্যাচটি তাই ট্রফি জয়ের মঞ্চে যাওয়ার জন্য কুমিল্লা-ঢাকার জন্য প্রথম সুযোগ। প্রতিপক্ষ হিসেবে পরস্পরকে সমীহ করছে দুদল। তবে ম্যাচের আগের দিন গতকাল কুমিল্লার ঐচ্ছিক অনুশীলনে ছিলেন তিন ক্রিকেটার। বিসিবি একাডেমি মাঠে ঢাকা অবশ্য পুরো দলই অনুশীলনে ঘাম ঝরিয়েছে। ফাইনালে খেলার সুযোগ থাকলেও আজ ম্যাচটিকে শেষ সুযোগই মানছেন কুমিল্লার কোচ সালাউদ্দিন। জয়ের ক্ষুধা, মানসিকতা থাকবে অন্যসব ম্যাচের মতোই।
সালাউদ্দিন বলেন, ‘আমি ওইভাবে চিন্তা করছি না যে আমাদের আরেকটা ম্যাচ আছে। আমি চিন্তা করছি যে আমাদের আর একটা ম্যাচই আছে। ওটা আমরা কিভাবে ভালোভাবে খেলতে পারি, সেটাই আমাদের লক্ষ্য থাকবে। এই ধরনের টুর্নামেন্টে যেকোনো সময় মোমেন্টাম হারালে হয়ত হিতে বিপরীত হতে পারে। প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। আমরা তাই ভাবছি সামনে একটা ম্যাচই আছে, ওই ম্যাচ হারলে বাদ পড়ে যাব।’
প্রতিপক্ষ নিয়েও ভাবতে নারাজ সালাউদ্দিন। বরং নিজেদের পরিকল্পনা বাস্তবায়নেই মনোযোগী হতে চান তিনি। কুমিল্লার কোচ বলেন, ‘কাল (আজ) আমাদের ঢাকার সাথে খেলা। প্রতিপক্ষ নিয়া চিন্তাও করি না। সাতটা টিমই আসলে শক্ত প্রতিপক্ষ। এখানে আসলে কাউকেই আলাদা করে দেখার বিষয় না।’
লিগ পর্বে দুটি ম্যাচেই কুমিল্লার কাছে হেরেছিল ঢাকা। আগের দুই সাক্ষাতে চার উইকেটে ও ১২ রানে জিতেছিল কুমিল্লা। ঢাকার কোচ খালেদ মাহমুদ সুজন গতকাল তাই অকপটেই কুমিল্লার সামনে নিজের দলকে ‘আন্ডারডগ’ হিসেবে অভিহিত করলেন। তিনি বলেন, ‘প্রথম কথা হচ্ছে কাল আমরা আন্ডারডগ হিসেবে খেলব। কুমিল্লা আমাদের সাথে দুইটাই জিতেছে। দারুণ খেলছে। আমরাও ভালো খেলছি, তবে আমাদের ধারাবাহিকতার একটু অভাব ছিল।’
খালেদ মাহমুদ সুজনও প্রতিপক্ষের চেয়ে নিজেদের পারফরম্যান্স নিয়েই ভাবছেন বেশি। দারুণ একটি ম্যাচ আশা করছেন তিনি। তবে ম্যাচে এগিয়ে যেতে ব্যাটিং বা বোলিং দুই বিভাগেই শুরুটা ভালো চাইছেন ঢাকার কোচ।
গতকাল তিনি বলেছেন, ‘প্রতিপক্ষকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। কেবল নিজেদেরটাই করতে পারবেন। যখন টপ অর্ডার পারফর্ম করে তখন বেশি কিছু লাগে না। মূল কথা হচ্ছে আমাদের টপ অর্ডার কেমন করছে সেটা।’
ইত্তেফাক/এমআর
