‘ভ্যাট দিচ্ছে জনগণ, দেশের হচ্ছে উন্নয়ন’ এই শ্লোগানকে সামনে রেখে এবার ঢাকাসহ সকল বিভাগীয় শহরে উদযাপন হবে জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ। আগামী ১০ ডিসেম্বর রবিবার ভ্যাট দিবস এবং ১০ থেকে ১৫ ডিসেম্বর ভ্যাট সপ্তাহ উদযাপনের জন্য জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সাত দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে।
বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় রাজস্ব ভবন সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান এসব তথ্য জানান।
তিনি বলেন, ভ্যাট দিবস ও সপ্তাহ উদযাপনের উদ্দেশ্য হলো সুশাসন ও উন্নততর ব্যবস্থাপনা পদ্ধতি অনুসরণ করে ভ্যাট প্রদানে জনগণকে উদ্বুদ্ধ ও সচেতন করার পাশাপাশি ভ্যাটকে জনগণের কাছে সহজবোধ্য করা। এর মাধ্যমে ভ্যাট কর্মকর্তাদের সঙ্গে করদাতাদের সুসম্পর্ক স্থাপন ও রাজস্ব আহরণ বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।
ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষে গণসচেতনতা বৃদ্ধিতে পোস্টার, উৎসাহব্যঞ্জক শ্লোগান সম্বলিত স্টিকার, বিলবোর্ড, বেলুন, বর্ণিল ফেস্টুন ও ব্যানার থাকবে। রেডিও, টেলিভিশন, প্রিন্ট এবং অনলাইনভিত্তিক মিডিয়ায় তথ্যভিত্তিক ডকুমেন্টরীসহ বিভিন্ন বিজ্ঞাপন প্রচারের উদ্যোগ নেওয়া হয়েছে।
ইত্তেফাক/এমআর
