বেতনস্কেল বৃদ্ধির দাবিতে সহকারী শিক্ষকদের কর্মসূচি ঘোষণা

আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৭, ১৯:০৫
প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের একধাপ পরের গ্রেডে বেতনস্কেল নির্ধারণের দাবি জানিয়েছে বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক মহাজোট। আর এ দাবি না মানলে আগামী ২৩ ডিসেম্বর থেকে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ কর্মসূচির ঘোষণা দিয়েছে সংগঠনটি। 
 
শুক্রবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংগঠনের নেতারা। সহকারী শিক্ষকদের এক দফা বাস্তবায়নের দাবিতে আগামী ১৫ ডিসেম্বর বেলা ১১টায় দেশব্যাপী সকল জেলায় সংবাদ সম্মেলন আয়োজন করবে সংগঠনটি।  ২২ ডিসেম্বরের মধ্যে দাবি মেনে নেয়া না হলে ২৩ ডিসেম্বর থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশন কর্মসূচি শুরু হবে।
 
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বাংলাদেশ প্রাথমিক সরকারী শিক্ষক সমাজের প্রতিষ্ঠাতা আহ্বায়ক উজ্জ্বল রায় বলেন, ১৯৭৩ সালে প্রাথমিক বিদ্যালয়ের প্রশিক্ষণপ্রাপ্ত প্রধান শিক্ষকের বেতন ও প্রশিক্ষণপ্রাপ্ত সহকারী শিক্ষকের বেতন একই ছিল। ২০০৬ সাল পর্যন্ত প্রধান শিক্ষকের পরের ধাপে সহকারী শিক্ষকদের বেতন স্কেল ছিল। ২০০৬ সালে এই ব্যবধান ২ ধাপ হলেও ২০১৪ সালে ব্যবধান বেড়ে দাঁড়ায় তিন ধাপে।
 
সম্মেলনে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ, বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের সভাপতি তপন কুমার মণ্ডল প্রমুখ উপস্থিত ছিলেন ।
 
ইত্তেফাক/ইউবি