বাংলাদেশের বিশাল সম্ভাবনাকে কাজে লাগতে হবে : আনোয়ার হোসেন মঞ্জু

আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৭, ২২:০৩
 
পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, বাংলাদেশ বিশাল সম্ভাবনার দেশ। এই সম্ভাবনাকে কাজে লাগতে হবে। বিদেশে কাঠ সিজন করা হয়। এখন থেকে আমাদের দেশেও তাই করা হবে। প্রকল্পটির মাধ্যমে অনেক কাঠ সিজন করা হবে। সেটি হবে অর্থনৈতিক দিক থেকে লাভবান। 
 
শুক্রবার দুপুরে শ্রীমঙ্গল সদর উপজেলার ইছবপুরে দেশের প্রথম ‘রাবার কাঠ ট্রিটমেন্ট প্লান্ট’ এর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।   
 
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বিশেষ অতিথি ছিলেন পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব। পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব ইসতিয়াক আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিএফআইডিসির চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব মোহাম্মদ আবদুল কাদির এনডিসি। 
 
আনোয়ার হোসেন মঞ্জু বলেন, কাঠ সহজে নষ্ট হয় না। তবে এই কাঠের সঠিক ব্যবহার করতে হবে। জীবনচক্র হারানো রাবার গাছগুলো রাসায়নিক প্রক্রিয়ার সাহায্যে সিজন করে নেয়া যাবে। অন্যন্য কাঠও বেসরকারি উদ্যোগে সিজন করা যাবে। শ্রীমঙ্গলের এই প্রকল্পটি একটি উল্লেখযোগ্য প্রকল্প। 
IMG0
অনুষ্ঠানে অর্থমন্ত্রীর উপস্থিতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে আনোয়ার হোসেন মঞ্জু বলেন, বাংলাদেশ সরকারের সফলতার জন্য যে ক’জন কাজ করছেন তার মধ্যে অর্থমন্ত্রী আবুল মাল মুহিত একজন। অর্থমন্ত্রী জাদরেল সচিব ছিলেন। আমি লক্ষ্য করেছি তিনি সঠিক সিদ্ধান্ত নেন এবং দৃঢ়ভাবে। 
 
এর আগে অতিথিরা প্রকল্পস্থলে ফিতা কেটে, বেলুন ও কবতুর উড়িয়ে ট্রিটমেন্ট প্লান্টের ফলক উন্মোচন করেন। এ সময় দৈনিক ইত্তেফাকের ভারপ্রাপ্ত সম্পাদক তাসমিমা হোসেন উপস্থিত ছিলেন।
 
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন, সিলেট-২ আসনের সংসদ সদস্য ইয়াহিয়া চৌধুরী, মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান, জেলা প্রশাসক মো. তোফায়েল আহমদ, পুলিশ সুপার মো. শাহজালাল, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোবাশশেরুল ইসলাম প্রমুখ।
 
প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন- মুহিবুর রহমান, অনুজকান্তি দাশ ও নূরুল মোহাইমীন মিলটন।
 
 
ইত্তেফাক/ইউবি