শায়েস্তাগঞ্জে মোটরসাইকেল চাপায় শিশু নিহত

আপডেট : ১১ এপ্রিল ২০১৯, ১৭:১২

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মোটরসাইকেল চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুর নাম শাওন (৪)। সে বিষাউড়া গ্রামের আনু মিয়ার পুত্র। উপজেলার অলিপুর-ব্রাহ্মণডোরা সড়কের ভোলানাথ নামক স্থানে বুধবার এ দুর্ঘটনা ঘটে।

এ বিষয়ে শাওনের স্বজনরা জানায়, বুধবার বিকালে ব্রাহ্মণডোরা গ্রামের জলাই মিয়ার পুত্র সাকিব মিয়া মোটরসাইকেল চালানোর সময় শাওনকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। এ সময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট উসমানী মেডিক্যাল হাসপাতালে প্রেলণ করেন। গুরুতর আহত শাওনকে সিলেট উসমানী মেডিক্যাল হাসপাতালে স্থানান্তরের সময় পথিমধ্যে তার মৃত্যু হয়।

সকাল ৯ টায় মৃত শাওনের স্বজনরা তার মরদেহ নিয়ে থানায় আসে। এ সময় শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিছুর রহমান মামলার ভিত্তিতে মরদেহটি ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেন।

মৃত শাওনের স্বজনরা আরো জানান, আহত শাওনের মৃত্যুর পর বিষয়টি গ্রাম্য সালিশে মীমাংসা করার উদ্যোগ নেওয়া হয়। পরবর্তীতে রাতভর প্রচেষ্টার পরও বিষয়টি মীমাংসা না হওয়ায় সকালে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য মৃতের স্বজনরা তার মরদেহ থানায় নিয়ে আসেন।

আরও পড়ুনঃ সোনাগাজীতে আবারও আগুন দিয়ে পুড়িয়ে মারার চেষ্টা

এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিছুর রহমান বলেন, ‘সকাল ৯টায়  মরদেহটি থানায় নিয়ে এলে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট পাওয়ার পর সুস্পষ্ট মামলার ভিত্তিতে বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ইত্তেফাক/নূহু