আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, আর কোন সম্প্রদায়িক শক্তি দেশে ক্ষমতায় আসতে পারবে না।
শুক্রবার রাজধানীর বনানী হাই স্কুল প্রাঙ্গণে ঢাকাবাসী গারো সম্প্রদায় আয়োজিত দিনব্যাপী ‘ ঢাকা ওয়ানগালা - ২০১৭’ উদযাপনের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে জাতি-ধর্ম নির্বিশেষে সকলের শান্তিপূর্ণ ও নিরাপদ সহাবস্থান নিশ্চিত করেছেন। শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার অনেক আগেই সাম্প্রদায়িক, জঙ্গি ও স্বাধীনতা বিরোধী শক্তির বিরুদ্ধে লড়াই ঘোষণা করেছে। এজন্য তিনি জাতীয় ও আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছেন। সম্প্রতি নিজ দেশে হত্যাকান্ডের শিকার রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় নিয়ে তিনি ‘ মাদার অব হিউমিনিটি’ উপাধি পেয়েছেন। গত জাতীয় নির্বাচন পরবর্তী সম্প্রদায়িক ও উগ্র ধর্মান্ধতা শক্তির জ্বালাও-পোড়াও, ধ্বংসযজ্ঞ ও হত্যাকান্ডের অভিজ্ঞতা ভুলে যায়নি দেশবাসী। তাই আওয়ামী লীগ নেতৃত্বাধীন অসম্প্রদায়িক চেতনার এবং স্বাধীনতা স্বপক্ষের শক্তিকেই আগামী জাতীয় নির্বাচনেও বিজয় মুকুট পরাবে দেশের শান্তিপ্রিয় মানুষ।
মোহাম্মদ নাসিম বলেন, ‘বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বিভিন্ন সেক্টরে উন্নয়ন ঘটাচ্ছে বাংলাদেশ, বিশেষ করে স্বাস্থ্য সেক্টরের উন্নয়ন ইতোমধ্যে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রশংসিত। বিশ্ব ব্যাংকসহ বিশ্বের অনেক বুদ্ধিজীবী বাংলাদেশের এগিয়ে যাওয়ার বিষয়টি স্বীকার করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ মধ্যম আয়ের দিকে ধাবিত। উন্নয়নের রাস্তায় রয়েছে বাংলাদেশ। উন্নয়ন কর্মসূচির মূলধারায় গারোসহ দেশের বিভিন্ন জাতিস্বত্তার অংশগ্রহণ নিশ্চিত করেছে বর্তমান সরকার। প্রতিটি জাতিস্বত্তা থেকে নেতৃত্ব সৃষ্টি করা হয়েছে, দূর করা হয়েছে বৈষম্যতা। বর্তমান সরকার ক্ষমতায় থাকাকালে সম্প্রদায়িক ও অপশক্তি দ্বারা দেশের কোন জাতিস্বত্তার সদস্যকে আক্রান্ত হতে দেয়া যাবে না বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।
ইত্তেফাক/এমআই
