শাবিতে সিন্ডিকেট নির্বাচনের প্রার্থীদের নাম প্রকাশ

আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৭, ২২:০২
 
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আগামী ২১ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিল নির্বাচনের প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও নির্বাচনের রিটার্নিং অফিসার মুহাম্মদ ইশফাকুল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তালিকা প্রকাশ করা হয়।
 
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নির্বাচনে সিন্ডিকেটের দুইটি পদের বিপরীতে ৬ জন শিক্ষক এবং একাডেমিক কাউন্সিলের চারটি পদের বিপরীতে ১১ জন শিক্ষক মনোনয়ন পত্র দাখিল করেছেন।
 
মুহাম্মদ ইশফাকুল হোসেন আরো জানান, ১১ ডিসেম্বর প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন এবং একই দিন চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। ২১ ডিসেম্বর সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে ভোট গ্রহণ শুরু হবে। 
 
নির্বাচনে আওয়ামীপন্থী শিক্ষকদের (মহান মুক্তিযুদ্ধের চেতনায় ঊদ্বুদ্ধ শিক্ষকবৃন্দ), আওয়ামী-বামপন্থীপন্থী শিক্ষকদের (মহান মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্তচিন্তা চর্চায় ঐক্যবদ্ধ শিক্ষকবৃন্দ) এবং বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের (মহান মুক্তিযুদ্ধ, বাংলাদেশি জাতীয়তাবাদ ও ধর্মীয় মূল্যবোধে শ্রদ্ধাশীল শিক্ষক ফোরাম) নামে তিনটি আলাদা প্যানেল অংশগ্রহণ করবে।
 
ইত্তেফাক/এমএ