চলতি এ্যাশেজে হোয়াইটওয়াশের শঙ্কায় সাবেক ইংলিশ অধিনায়করা

আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৭, ০০:০৪
চলমান এ্যাশেজ সিরিজে অস্ট্রেলিয়ার কাছে সফরকারীরা হোয়াইওয়াশের দিকে এগুচ্ছে বলে শংকা প্রকাশ করেছেন ইংল্যান্ডের সাবেক দুই অধিনায়ক মাইকেল ভন ও বব উইলিস। এডিলেড টেস্ট জিততে ব্যর্থ হওয়ার পর এ শঙ্কা প্রকাশ করেন তারা।
 
এডিলেডে দিবা-রাত্রির টেস্ট ম্যাচটি জয়ের সুবর্ণ সুযোগ থাকলেও দ্বিতীয় ম্যাচটি ১২০ রানে হেরে যায় ইংল্যান্ড।
 
এর আগে ব্রিজবেন টেস্টে পরাজিত হওয়া জো রুটের নেতৃত্বাধীন দলটি পার্থে তৃতীয় ম্যাচে মাঠে নামবে। তবে পার্থে ১৯৭৮ সালের পর আর কোন ম্যাচে অসিদের হারাতে পারেনি ইংলিশরা।
 
ভনের মতে একটা ম্যাচ জয়ের দক্ষতা কিংবা পুন:জাগরিত হওয়ার কোন ক্ষমতাই ইংল্যান্ড দলের নেই।
 
তিনি বলেন, ‘এডিলেডে বল যেভাবে স্যুয়িং করেছে পার্থে তেমনটা হবে না। আমাদের দলটিকে এখন ২০১৩ সালের দলের মতো মনে হচ্ছে, যেমনটা আমরা ২০০৬-০৭ সালে করেছিলাম। আপনি এই ইংল্যান্ড দলটির দিকে তাকান এবং বাস্তবতা হচ্ছে একটা টেস্ট ম্যাচ জয়ের মতো কোন ক্ষমতা কি তাদের মধ্যে আপনি দেখছেন? এ সফরে একটা টেস্ট ম্যাচ জয় করাটা খুবই কঠিন বলে আমি মনে করছি।’
 
ভনের সঙ্গে একই মত পোষণকারী উইলিস বলেন অস্ট্রেলিযা দল পরিস্কারভাবেই সুপারিয়র দল।
 
তিনি বলেন, ‘ইংল্যান্ড তাদের সাধ্যমত চেষ্টা করছে তবে প্রকৃত সত্য হচ্ছে এই কন্ডিশনে তুলনামূলক ভালো একটি দলের সঙ্গে তারা পেরে উঠছে না। মূল পার্থক্য হচ্ছে অস্ট্রেলিয়ার আছে শক্তিশালী পেস বিভাগ এবং বিশ্ব মানের স্পিনার। আমাদের একটিও নেই।’
এডিলেডে সম্ভবত ইংলিশদের জয়ের একটা ভাল সুযোগ ছিল। সেটা যেহেতু হয়নি তাই এ অবস্থায় ৫-০ ব্যবধানে স্বাগতিকরা জিতলেও বিস্ময়ের কিছু নেই।’বাসস।
 
ইত্তেফাক/রেজা