‘দেশের নির্মাতাদের প্রতি আমার শ্রদ্ধা সবসময়’

আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৭, ১১:৩০
 
অ্যানিমেটর বিশেষজ্ঞ নাফিস বিন যাফর। ফ্লুইড ও ড্রপ ডিস্ট্রাকশন টুলস দিয়ে হলিউডে সাড়া ফেলেছেন বাংলাদেশের যাফর। ক্যারিয়ারে ঝুলিতে রয়েছে দুটি অস্কার।
 
সম্প্রতি তিনি বাংলাদেশে এসেছেন ‘ডিজিটাল ওয়ার্ল্ড’-এ অংশ নিতে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলা এ অনুষ্ঠানের দ্বিতীয় দিনে অংশ নেন তিনি। এরপর বৃহস্পতিবার বিকেলে বিশ্ব সাহিত্য কেন্দ্রে আয়োজিত আরেকটি অনুষ্ঠানে অংশ নেন নাফিস।
 
দেশের ফিল্মের এখনকার অবস্থা প্রসঙ্গে জানতে চাইলে যাফর বলেন, ‘মন্তব্যটা আমি সেভাবে করতে চাই না। কারণ মন্তব্য করার জন্য যতটুকু সংযোগ থাকতে হয় সেটা আমার নেই। তবে দেশের ছবি আমার ভালো লাগে। নির্মাতারা আমাদের দেশের গল্পকে তুলে আনছেন। দেশের নির্মাতাদের প্রতি আমার শ্রদ্ধা সবসময়।’ 
 
নিজ দেশের চলচ্চিত্রে কাজের করার ইচ্ছে রয়েছে কি-না এমন প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘ইচ্ছেটা ভিন্ন বিষয়। দেশের চলচ্চিত্র সম্পর্কে আমার ধারণা আমার খুব একটা নেই। তাই আমি কিভাবে কাজ করতে পারি সেটা জানি না। কাজের প্রসঙ্গ এলে অবশ্যই ভাববো।’
 
ইত্তেফাক/আনিসুর