বেগম জিয়ার স্বাস্থ্য নিয়ে তামাশার রাজনীতি থেকে বেরিয়ে আসুন: তথ্যমন্ত্রী

আপডেট : ১১ এপ্রিল ২০১৯, ১৭:৫৫

তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বিএনপির নেতাদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, 'বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে তামাশার রাজনীতি থেকে বেরিয়ে আসুন'। বৃহস্পতিবার (১১ এপ্রিল) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর উত্তর আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, 'সরকার নয়, বিএনপির নেতারাই বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে তামাশা করছে। বিএনপির রাজনীতি বেগম খালেদা জিয়ার চিকিৎসার মধ্যে আটকে গেছে। বিএনপি নেত্রী বেগম জিয়ার হাঁটু ও কোমরের ব্যথা অনেক আগে থেকেই ছিল। এ ধরণের ব্যথা নিয়েই তিনি দুইবার দেশের প্রধানমন্ত্রী এবং বিএনপির মত একটি বড় দলের চেয়ারপার্সনের দায়িত্ব পালন করেছেন।  তার শরীরের তাপমাত্রা কতটুকু বাড়ল বা কমল তা নিয়ে তারা দিনে দুইবার সংবাদ সম্মেলন করেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকালে বেগম জিয়ার স্বাস্থ্য নিয়ে একবার সংবাদ সম্মেলন করেন। আবার বিকেলে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য দলটির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ সংবাদ সম্মেলন করেন'।

এ সময় বেগম খালেদা জিয়ার প্যারোলে মুক্তি নিয়ে তথ্যমন্ত্রী বিএনপির নেতাদের বক্তব্যের জবাবে তথ্যমন্ত্রী বলেন, 'প্যারোলে কিভাবে মুক্তি পাওয়া যায় সে বিষয়ে বিএনপির নেতাদের আগে জানা উচিত। প্যারোলের আইন কানুন ও বিধি-বিধান সম্পর্কে তাদের পড়াশুনা করা দরকার। সরকার জোর করে কাউকে প্যারোলে মুক্তি দিতে পারে না। যিনি প্যারোলে মুক্তি চান তাকে আবেদন করতে হয়'। আন্দোলন করে বেগম খালেদা জিয়াকে মুক্ত করে আনা হবে বিএনপির নেতাদের এমন বক্তব্যের জবাবে ড. হাছান বলেন, 'তাদের (বিএনপি) আন্দোলনের তর্জন-গর্জন হচ্ছে খাঁচায় আবদ্ধ রোগাক্রান্ত সিংহের গর্জনের মতো। এ ধরনের গর্জনে দর্শকরা যেমন আনন্দ পায় তেমনি বিএনপির আন্দোলনের তর্জন-গর্জনেও দেশের মানুষ বিনোদন পায়'।

আরও পড়ুন:  কৃষি খাতের সার্বিক উন্নয়নে সব ধরনের সহায়তা দিচ্ছে সরকার:কৃষিমন্ত্রী

ঢাকা মহানগর উত্তর আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সাবেক সভাপতি মো. মুনির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা এডভোকেট বলরাম পোদ্দার, আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি এডভোকেট আসাদুজ্জামান দূর্জয় ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা।

ইত্তেফাক/জেডএইচডি