কে সেরা- মেসি না রোনালদো? এ নিয়ে ফুটবল বিশ্বে বিতর্কের শেষ নেই। তবে দুদিন আগেই পঞ্চম ব্যালন ডি অ’র হাতে ওঠার পর এই শ্রেষ্ঠত্বটা রিয়াল মাদ্রিদে খেলা পর্তুগিজ সুপারস্টারকেই শ্রেষ্ঠত্বটা দিলেন জিনেদিন জিদান। রোনালদো নিজেও দাবি করলেন তিনিই সেরা।
পঞ্চম ব্যালন ডি অ’র জয়ের রিয়াল কোচ বলেছেন, ‘পারফরম্যান্সই বলে দিচ্ছে ও কী করেছে। ভবিষ্যতে আর কী করবে। সর্বকালের শ্রেষ্ঠ ফুটবলার রোনালদো।’ জিদান আরও বলেছেন, ‘রোনালদোকে কোচিং করাতে পেরে আমি গর্বিত। ওর সফল হওয়ার খিদে, উচ্চাকাঙ্ক্ষায় আমি মুগ্ধ। ম্যাচে যা গোল করে, অনুশীলনে তার চেয়ে দশগুণ বেশি গোল করে।’
অপরদিকে রোনালদো বলেন, ‘আমার চেয়ে সেরা কেউ নয়। অন্য ফুটবলাররা যেটা করতে পারে, আমিও সেটা পারি। কিন্তু অন্যরা যা পারে না, আমি সেটাই করার চেষ্টা করি। আমার মতো সম্পূর্ণ ফুটবলার কেউ নেই। ফুটবলের ইতিহাসে আমিই শ্রেষ্ঠ।’ তবে পঞ্চম ব্যালন ডি’ওর জিতেও মেসিকে স্পর্শ করেও তৃপ্ত নন রোনালদো! তিনি বলেছেন, ‘অবশ্যই আমি দারুণ খুশি। কিন্তু এই পুরস্কারটা আমি প্রত্যেক বছরই জিততে চাই।’
২০০৮ সালে রোনালদো ব্যালন ডি অ’র জিতেছিলেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ফুটবলার হিসেবে। ২০১৩, ২০১৪, ২০১৬ ও ২০১৭ সালে জিতলেন রিয়াল মাদ্রিদের ফুটবলার হিসেবে। গত দু’বছরে ক্লাব এবং দেশের হয়ে দুর্দান্ত সাফল্যই রোনালদোকে এগিয়ে রেখেছিল মেসির চেয়ে। গত বছর পর্তুগাল প্রথমবার ইউরো কাপ জিতেছিল রোনাল্ডোর নেতৃত্বেই। চ্যাম্পিয়ন্স লিগে রিয়ালের ডাবলের নেপথ্যেও তিনি। লা লিগা জয়ের ক্ষেত্রেও মুখ্য ভূমিকা নিয়েছিলেন রোনালদো।
ইত্তেফাক/কেআই
