ক্লাব বিশ্বকাপে অংশ নিতে রিয়াল মাদ্রিদের সাথে সংযুক্ত আরক আমিরাত সফরে যাচ্ছেন গ্যারেথ বেল ও রাফায়েল ভারানে। রিয়াল কোচ জিনেদিন জিদান শুক্রবার এই তথ্য নিশ্চিত করেছেন। বুধবার থেকে শুরু হওয়া ক্লাব বিশ্বকাপের প্রথম ম্যাচে স্বাগতিক আল জাজিরা ১-০ গোলে নিউজিল্যান্ডের অকল্যান্ড সিটিকে পরাজিত করেছে। ক্লাব ওয়ার্ল্ড কাপের স্কোয়াডে বেল ও ভারানের নাম থাকলেও শনিবার লা লিগায় সেভিয়া সফরে এই দুজন থাকছেন না বলেই নিশ্চিত করেছেন জিদান।
বেল ইনজুরি কাটিয়ে পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি। আর ভারানের তো পেশীর সমস্যা রয়েছেই। আগামী ১৩ ডিসেম্বর সেমিফাইনালে আল জাজিরা ও জাপানের উওয়ারা রেডসের মধ্যে জয়ী দলের বিপক্ষে টুর্নামেন্টের ফেবারিট হিসেবে মাঠে নামবে রিয়াল।
বুধবার বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে চ্যাম্পিয়নস লীগে ৩-২ গোলে জয়ের ম্যাচটিতে সেন্টার ব্যাক ভারানে ৩৮ মিনিটে পেশীর ইনজুরিতে পড়েন। তার এই ইনজুরিতে সেভিয়ার বিপক্ষে রক্ষনভাগ নিয়ে জিদানকে দুশ্চিন্তা করতেই হচ্ছে। সার্জিও রামোস, ডানি কারভাজাল ও ডিফেন্সিভ মিডফিল্ডার কাসেমিরো, প্রত্যেকেই রয়েছেন নিষেধাজ্ঞায়।
অন্যদিকে তরুণ সিজার ভালেয়ো ইনজুরির কারনে মাঠের বাইরে রয়েছেন। যদিও আরব আমিরাতে ২৪ বছর বয়সী ভারানের খেলার ব্যপারে জিদান আশাবাদী। এ সম্পর্কে তিনি বলেছেন, রাফার ইনজুরি ততটা গুরুতর নয়। আশা করছি পরবর্তী ম্যাচে সে মাঠে নামতে পারবে।
ইত্তেফাক/কেআই
