শেখ হাসিনার কোনো বিকল্প নেই : আসাদুজ্জামান খান

আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৭, ১৫:৩৮
 
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের কারণেই বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে। প্রতিদিন নিত্য নতুন চ্যলেঞ্জ মোকাবেলা করতে হয় প্রধানমন্ত্রীকে। তাকে ১৯ বার হত্যা চেষ্টা করা হয়েছিল। দশের অসহায় মানুষের ভাগ্য বদলের জন্য প্রধানমন্ত্রীকে মহান আল্লাহ রক্ষা করেছেন।
 
আজ শনিবার দুপুরে জেলার লালমোহন উপজেলার বাজারের চৌরাস্তা মোড়ে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
 
আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা বলেন তা করে দেখিয়েছেন। ২০০৮ সালে তিনি বলেছিলেন বাংলাদেশ পাল্টে দিবেন, তিনি গোটা দেশটাকে বদলে দিয়েছেন। দেশের মানুষও আজ বুঝতে পেরেছে শেখ হাসিনার কোনো বিকল্প নেই।
 
তিনি বলেন, সম্প্রতি পৃথিবীর সৎ ও আদর্শবান ১৭৮ জন রাষ্ট্রপ্রধানের তালিকায় শেখ হাসিনা তৃতীয় স্থান দখল করেছেন। এর মাধ্যমে গোটা দেশের ভাবমূর্তি উজ্জল হয়েছে। দেশ এগিয়ে চলছে দূর্বার গতিতে।
 
আসাদুজ্জামান কামাল বলেন, সরকার দারিদ্র্য সীমা কমিয়ে ২২ ভাগে নিয়ে এসেছে। ২০২০-২১ সালের মধ্যে এটাকে ১২ ভাগে আনা হবে। ২০ সালের মধ্যে দেশের ৭৫ভাগ মানুষকে শিক্ষিত করা হবে। আর ২০৪০ সালে শতভাগ মানুষ শিক্ষিত হবে।
 
তিনি বলেন, ৩ হাজার ৫০০ মেঘোওয়াট বিদ্যূৎ নিয়ে সরকার কাজ শুরু করেছিল। আজকে আমরা প্রায় ১৬ হাজার মেঘোওয়াট বিদ্যূৎ উৎপাদন করছি। সব ক্ষেত্রে সরকার এগিয়ে চলছে।
 
আইন শৃঙ্খলা বাহিনীর দক্ষমতার কথা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের জঙ্গি দমনে জীবনের মায়া ত্যাগ করে তারা কাজ করছে। তাই সাধারন মানুষের পুলিশ বাহিনীর প্রতি আস্থা ফিরে এসেছে।
 
ইত্তেফাক/কেকে