২০১৬ সালের জুন থেকে টানা সাতটি দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ জিতেছে ভারত। আগামীকাল থেকে আবারো দ্বিপক্ষীয় সিরিজ খেলতে নামছে টিম ইন্ডিয়া। টানা সিরিজ জয়ের ধারাবাহিকতা ধরে রাখার মিশনে এবার ভারতের সামনে শ্রীলঙ্কা। লঙ্কানদের বিপক্ষে সিরিজ জয়ের ধারবাহিকতা অব্যাহত রাখার লক্ষ্য নিয়ে আগামীকাল প্রথম ওয়ানডে খেলতে নামছে ভারত। সিরিজ জয়ে চোখ শ্রীলঙ্কারও। এমন লক্ষ্য নিয়ে আগামীকাল ধর্মশালায় সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হচ্ছে ভারত ও শ্রীলঙ্কা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১২টায়। অতিরিক্ত ঠান্ডা ও কুয়াশার কথা চিন্তা করেই ম্যাচটি দুপুরে শুরু করবে কর্তৃপক্ষ।
২০১৬ সালের জানুয়ারিতে অস্ট্রেলিয়ার মাটিতে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ ৪-১ ব্যবধানে হারে ভারত। এরপর ওই বছরের মাঝামাঝি সময় থেকে গেল অক্টোবর পর্যন্ত সাতটি ওয়ানডে সিরিজে অংশ নেয় বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারত। সবগুলোই দাপটের সাথে জিতে নেয় তারা। এরমধ্যে চারটি দেশের মাটিতে ও তিনটি বিদেশের মাটিতে খেলে ভারত। দেশের মাটিতে নিউজিল্যান্ডকে দু’বার, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়াকে একবার করে এবং বিদেশের মাটিতে জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কাকে হারায় টিম ইন্ডিয়া।
চলতি বছরের আগস্টে শ্রীলংকাকে তাদেরই মাটিতে ৫ ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ করে ভারত। তাই সেই স্মৃতির পুনরাবৃত্তি ঘটাতে মরিয়া ভারত। তবে তিন ম্যাচের টেস্ট সিরিজে ভারতের বিপক্ষে দুর্দান্ত লড়াই করা শ্রীলংকা, ওয়ানডেতে ভালো করতে মুখিয়ে আছে।
তবে এবার শ্রীলঙ্কার বিপক্ষে নতুন অধিনায়কের নেতৃত্বে নামতে হবে ভারতকে। বিশ্রাম নিয়ে স্কোয়াডে বাইরে রয়েছেন নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি। তাই দলের নেতৃত্বে আছেন দু’বার ওয়ানডেতে ডাবল-সেঞ্চুরি করা ওপেনার রোহিত শর্মা। নেতৃত্ব পেয়ে উচ্ছ্বসিত রোহিত বলেন, ‘গেল এক বছরের বেশি সময় ধরে ওয়ানডেতে কোন সিরিজ আমরা হারিনি। খেলোয়াড়রা দুর্দান্ত পারফরমেন্স করেছে। অধিনায়ক হিসেবে কোহলিও দারুন নেতৃত্ব দিয়েছে। সেই ধারাবাহিকতা ধরে রাখার মিশন আমাদের। অধিনায়ক হিসেবে দলকে সেরা সাফল্য এনে দিতেই মাঠে নামবো আমরা। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ই আমাদের প্রধান লক্ষ্য। তাহলে টানা আটটি সিরিজ জয়ের রেকর্ড গড়তে পারবো আমরা। টেস্ট সিরিজে দারুন ক্রিকেট খেলেছে শ্রীলংকা। ওয়ানডেতে তরুন খেলোয়াড় থাকলেও শক্তিশালী দল তারা। এই দলটির লড়াই করার মানসিকতা অনেক। তবে আমরা সেরা পারফরমেন্স করতে পারলে সিরিজ আমরাই জিততে পারবো।’
শ্রীলঙ্কার ওয়ানডে নেতৃত্বেও পরিবর্তন এসেছে। সীমিত ওভারের ম্যাচে দলের নতুন নেতৃত্বে আছেন লংকার থিসারা পেরেরা। সম্প্রতি বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেটে রংপুর রাইডার্সের হয়ে আটটি ম্যাচ খেলেছেন তিনি। ভারতের বিপক্ষে সিরিজ থাকায় ২৬ নভেম্বর ঢাকা ছাড়েন পেরেরা।
গেল মাসে পাকিস্তানের বিপক্ষে টি-২০ সিরিজে নেতৃত্ব দিয়েছিলেন পেরেরা। ওই সিরিজে প্রথম দুই ম্যাচ আবুধাবিতে হলে তৃতীয় ও শেষ টি-২০ ম্যাচটি অনুষ্ঠিত হয় পাকিস্তানের লাহোরে। নিয়মিত অধিনায়ক উপুল থারাঙ্গা পাকিস্তানের মাটিতে খেলতে অস্বীকার করায় পেরেরাকে ওই সিরিজে অধিনায়ক করে শ্রীলংকা ক্রিকেট বোর্ড।
আর ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে পেরেরাকে অধিনায়কের দায়িত্ব দেয়ার কারন জানায়নি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। তবে সম্প্রতি ওয়ানডে সিরিজে খুবই বাজে পারফরমেন্স করে চলেছে লঙ্কানরা। ২০১৬ সালের জুন থেকে ছয়টি সিরিজে হার ও বাংলাদেশের সাথে ১-১ ব্যবধানে সিরিজ ড্র করে শ্রীলঙ্কা।
তবে এসব স্মৃতি ভুলে ওয়ানডেতে নতুন ভাবে শুরুর কথা বললেন শ্রীলংকার নয়া অধিনায়ক পেরেরা, ‘অতীত নিয়ে আমরা চিন্তিত নই। আমরা নতুনভাবে ওয়ানডে সিরিজ শুরু করতে চাই এবং ভালো পারফরমেন্স করতে চাই। টেস্ট সিরিজে দল ভালো করেছে, এটি আমাদের অনুপ্রাণিত করছে। এছাড়া দলের সবাই ওয়ানডেতে নিজেদের সেরাটা দিতে মুখিয়ে আছে।’ বর্তমানে আইসিসি ওয়ানডে র্যাংকিং-এর দ্বিতীয়স্থানে রয়েছে ভারত। এই সিরিজে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করতে পারলেই দক্ষিণ আফ্রিকাকে সরিয়ে র্যাংকিং-এর শীর্ষে উঠবে টিম ইন্ডিয়া। বাসস।
ইত্তেফাক/ রেজা
