হালদার তীর সংরক্ষণ কাজের উদ্বোধন

আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৭, ২১:১৯
 
হালদার হাটহাজারী ও রাউজান উপজেলা অংশের তীর ভাঙ্গন রক্ষাকল্পে 'তীর সংরক্ষণ প্রকল্পের' উদ্বোধন করা হয়েছে। পানিসম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ শনিবার বিকালে প্রকল্পটির উদ্বোধন করেন। 
 
এ সময় উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী, সংসদ সদস্য মহিউদ্দিন খান বাদল, পানি উন্নায়ন বোর্ডের মহাপরিচালক একেএম মমতাজ উদ্দিন, রাউজান উপজেলা চেয়ারম্যান একেএম এহছানুল হায়দার বাবুল, চট্টগ্রাম উত্তর জেলার আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইউনুছ গণি, পানি উন্নয়ন বোর্ডের চট্টগ্রাম বিভাগের প্রধান প্রকৌশলী একেএম সামসুল করিম প্রমুখ। 
 
প্রকল্পটির তত্ত্বাবধায়নকারী সংস্থা বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, বাস্তবায়নকারী সংস্থা বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন বিগ্রেড। এই প্রকল্পে হাটহাজারী-রাউজান অংশে ১২ দশমিক ১২ কিলোমিটারে ব্লক বসানো ও জোয়ারের পানি রোধে ৪ দশমিক ০০৮ কিলোমিটার সড়ক উঁচু করা হবে। এতে ব্যয় হবে ২১২ কোটি টাকা।
 
এই প্রকল্পটি বাস্তবায়ন হলে আনুমানিক ৫৭১০ কোটি টাকার সম্পদ নদীর ভাঙ্গনের ঝুঁকিমুক্ত হবে এবং প্রকল্প এলাকায় সামাজিক উন্নয়ন ও অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়বে বলে জানায় পানি উন্নয়ন কর্তৃপক্ষ।
 
ইত্তেফাক/আরকেজি