চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে যুবলীগের দুই গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় মোহাম্মদ হোসেন (৩২) নামে এক ব্যক্তি আহত হওয়ার খবর পাওয়া গেছে।
গতকাল শনিবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার চৌধুরী পাড়ার চৌধুরী দিঘীর পাড় এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, চন্দনাইশে আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম জাহাঙ্গীর এবং সাধারণ সম্পাদক আবু আহমদ জুনুর মধ্যে বিরোধ চলে আসছিল। এরমধ্যে গত ২৬ অক্টোবর চন্দনাইশ সদর শাহ আমীন পার্কে উপজেলা আওয়ামী লীগের সমাবেশের প্রারম্ভে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় আবু আহমদ জুনু, প্রচার সম্পাদক হেলাল উদ্দিন চৌধুরীসহ ৫/৬জন আহত হন। ফলে দুই গ্রুপের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করে আসছে। পরপর ছোটখাট ঘটনা ঘটে আসলেও গতকাল সন্ধ্যায় আবারো সেই আধিপত্য বিস্তার নিয়ে চন্দনাইশ চৌধুরী পাড়াস্থ চৌধুরী দিঘীর পাড় এলাকায় ওই দুই পক্ষের যুবলীগের আরাফাত ও নয়নের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় প্রায় ১০/১২টি ফাঁকা গুলির শব্দ শুনা যায়।
চন্দনাইশ থানার ওসি ফরিদ উদ্দিন খন্দকার জানান, খবর শুনে ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হলেছিল। তবে এলাকায় কাউকেও পাওয়া যায়নি এবং এখনো পর্যন্ত কোনো পক্ষই কোনো ধরনের অভিযোগ দায়ের করেনি বলে জানিয়েছেন।
ইত্তেফাক/এএম।
