চিরপ্রতিদ্বন্দ্বী জুভেন্টাসের সঙ্গে কঠিন লড়াইয়ের পরে গোলশূন্য ড্র করে সিরি-এ লিগে শীর্ষস্থান ধরে রেখেছে অপরাজিত ইন্টার মিলান। লুসিয়ানো স্পালেত্তির ইন্টার দ্বিতীয় স্থানে থাকা নাপোলির থেকে দুই পয়েন্ট এগিয়ে থেকে শীর্ষে অবস্থান করছে। ৩৮ পয়েন্ট নিয়ে নাপোলির সাথে সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থেকে জুভেন্টাস রয়েছে তৃতীয় স্থানে।
অথচ পুরো ম্যাচের আধিপত্য বিস্তার করে খেলেছে জুভেন্টাস। নিজেদের মাঠ আলিয়াঁজ স্টেডিয়ামে ইন্টারের থেকে বল পজিশনের দিকে জুভেন্টাসই এগিয়ে ছিল। রাইট উইঙ্গার হুয়ান কুয়াড্রাডো একের পর এক সুযোগ সৃষ্টি করলেও মারিও মানজুকিচের ব্যর্থতায় গোল পায়নি স্বাগতিকরা। ম্যাচ শেষে ইন্টার যে এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পেরেছে এটাই সৌভাগ্যের।
কুয়াড্রাডোর ক্রসে মানজুকিচ আট মিনিটের মধ্যেই জুভেন্টাসকে এগিয়ে দেবার সুযোগ নষ্ট করেন। তার সরাসরি শট ইন্টার গোলরক্ষক সামির হানডানোভিচ খুব সহজেই আটকে দেন। বিরতির ঠিক আগে কুয়াড্রাডোর আরেকটি ক্রস থেকে মানজুকিচের শক্তিশালী হেড ক্রসবারে লেগে ফেরত আসে।
বিরতির পরেও মানজুকিচের ব্যর্থতায় জুভেন্টাসের ডেডলক ভাঙ্গা হয়নি। ম্যাচ শেষের আট মিনিট আগে গোল এরিয়ার মধ্যে মানজুকিচ ফাঁকা দাঁড়িয়ে থাকলেও বল আদায় করতে গিয়ে পড়ে গেলে জুভেন্টাস ম্যাচের সবচেয়ে সহজ সুযোগ হাতছাড়া করে।
ইত্তেফাক/কেআই
