পুরুষতন্ত্র ও চরমপন্থীদের আক্রমন করা উচিৎ: কঙ্গনা

আপডেট : ১০ ডিসেম্বর ২০১৭, ১৬:২৪
 
আলোচিত অভিনেত্রী কঙ্গনা রাণৌত। অকপট বক্তব্যের কারণে প্রায়ই খবরে আসেন। হৃতিক রোশানের সঙ্গে বিবাদের জেরে গত বছরের পুরোটাই ছিলেন আলোচনায়। এবার এ অভিনেতাকে আবারো খোঁচা দিলেন তিনি।
 
পদ্মাবতী সিনেমায় অভিনয়ের জন্য বিভিন্ন সংগঠনের কাছ থেকে হুমকি পাচ্ছেন দীপিকা পাড়ুকোন। এ অভিনেত্রীর প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে তার নিরাপত্তার জন্য ক্যাম্পেইন করছেন শাবানা আজমি, জয়া বচ্চন, ক্যাটরিনা কাইফসহ অন্যান্যরা। শোনা যায়, বলিউডের প্রথম সারির অভিনয়শিল্পীরা যেখানে দীপিকার দিকে সহযোগিতার হাত বাড়িয়েছেন সেখানে সহযোগিতার হাত বাড়িয়ে চিঠিতে স্বাক্ষর করতে রাজি হননি কঙ্গনা। যদিও পরবর্তীতে এর ব্যাখ্যা দেন তিনি।
 
সম্প্রতি একটি অনুষ্ঠানে হাজির হয়ে কঙ্গনা বলেন, এটি কোনোভাবেই ঠিক না, কিন্তু আমার কাছে এটি মোটেও অবাক লাগছে না। আমার বোন যখন স্কুলে পড়ত, সে একজন ছাত্রের দ্বারা এসিড নিক্ষেপের শিকার হয়েছিল, এখন যখন আমি কর্মক্ষেত্রে রয়েছি, এক সুপারস্টার আমাকে জেলে পুরতে চেয়েছিল। সুতরাং এটি আমাদের সমাজে খুবই সাধারণ ব্যাপার। আমাদের নির্দিষ্ট একজনকে আক্রমণ না করে, পুরুষতন্ত্র ও চরমপন্থীদের আক্রমন করা উচিৎ। অবশ্য নির্দিষ্ট কোনো ব্যক্তি হলে তাকে ডেকে বলতে পারি, আপনি যা করছেন তা ঠিক না।’
 
তিনি আরো বলেন, তবে এটি শুধু ছেলেদের ক্ষেত্রে নয়, নারীদের ক্ষেত্রেও প্রযোজ্য। সুতরাং আমাদের সেই দৃষ্টিভঙ্গি থেকেই আক্রমণ করতে হবে এবং আমরা এটি কর্মক্ষেত্র, বক্তব্য অথবা সিনেমা সবকিছুর মাধ্যমেই করব। এ জন্যই আমি মনে করি সিনেমা খুবই ভালো একটি মাধ্যম। একমাত্র সিনেমার মাধ্যমেই আমরা মানুষের কাছে পৌঁছাতে পারি।
 
ইত্তেফাক/আনিসুর