২৩ বছরপূর্তি উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের পদভারে মুখরিত হয়ে উঠেছে বিভাগটি।
যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২৩ বছর পেরিয়ে ২৪ বছরে পদার্পণ উপলক্ষে রবিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান অনুষদের অডিটোরিয়ামে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সভায় প্রধান অতিথি ছিলেন চবি উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার।
প্রধান অতিথির বক্তব্যে উপচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, ২৩টি বসন্ত পেরিয়ে আজ সাংবাদিকতা বিভাগ আপনালয়ে উদ্ভাসিত। আমরা বীরের জাতি, বীরের গৌরব গাথায় বিজয়ের মাসে এগিয়ে যাব।
এদিকে ২৩ বছর উপলক্ষে বর্তমান শিক্ষার্থীদের মাঝে ছিল নানা উৎসাহ ও আয়োজন। তারা প্রাক্তনদের বরণ করে নিতে সকাল থেকে ব্যান্ডপার্টি নিয়ে সমাজ বিজ্ঞান অনুষদের সামনে অবস্থান করতে থাকে। প্রাক্তনরা নিজ বিভাগে আসা মাত্রই তাদেরকে বরণ করে নিতে থাকে। এ যেন কোন এক রাজার আগমন।
অনুষ্ঠানে বিভাগের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে,একই বিভাগের সহকারী অধ্যাপক মাধব চন্দ্র দীপ ও ২য় ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী হামিদুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিভাগের প্রতিষ্ঠাকালীন সভাপতি ও ইতিহাস বিভাগের প্রফেসর হায়াত হোসেন, সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. ফরিদ উদ্দিন আহামেদ, প্রক্টর ও বিভাগের সহযোগী অধ্যাপক আলী আজগর চৌধুরী, সহকারী অধ্যাপক খন্দকার আলী আর রাজী ও অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি শিমুল নজরুল।
অনুষ্ঠানের শুরুতে সকাল সাড়ে ১০টায় অনুষদ প্রাঙ্গনে বেলুন উড়িয়ে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। এ সময় প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীসহ বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয় শহীদ মিনার ও প্রশাসনিক ভবন ঘুরে অনুষদের সামনে এসে শেষ হয়। পরে ১১টায় শুরু হয় আলোচনা সভা এবং বিকেলে সাড়ে ৩টায় বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
ইত্তেফাক/ইউবি
