ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় ডিজিটাল পদ্ধতিতে ভূমি জরিপ, রেকর্ড প্রণয়ন এবং সংরক্ষণ শীর্ষক প্রকল্পের কাজ দ্রুত সম্পন্ন করার সুপারিশ করা হয়েছে।
সংসদ ভবনে আজ রবিবার কমিটির সভাপতি মো. রেজাউল করিম হীরা সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সুপারিশ করা হয়।
কমিটি উন্নত বিশ্বের ন্যায় আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশের ভূমি-ব্যবস্থাপনায় ভূমি রেকর্ড, পর্চা ও নকশা ব্যবহার ও সংরক্ষণের সুপারিশ করে।
কমিটি সদস্য মীর শওকত আলী বাদশা, মো. মকবুল হোসেন, জাহান আরা বেগম সুরমা এবং গাজী ম. ম. আমজাদ হোসেন মিলন সভায় অংশগ্রহণ করেন।
সভায় দেশে বিদ্যমান চা বাগানসমূহের পতিত জায়গায় অন্য ফসল উৎপাদন এবং জমির সর্বোত্তম ব্যবহার, সিলেট, মৌলভী বাজার, হবিগঞ্জ ও পঞ্চগড় জেলার চা বাগানসমূহের বাস্তব অবস্থা পরিদর্শন এবং বাংলাদেশের ভূমির রেকর্ড, পর্চা ও নকশা ডিজিটালাইজেশন করা সর্ম্পকে বিস্তারিত আলোচনা করা হয়।
কমিটি সিলেট ও পঞ্চগড়ের চা বাগান এবং গাজীপুরের ভাওয়াল এস্টেট আগামী মাসে সরেজমিনে পরিদর্শনের ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে।
সভায় ঢাকার জলাবদ্ধতা নিরসনের জন্য অবৈধভাবে দখলকৃত জলাশয় পুনরুদ্ধার কার্যক্রম অব্যাহত রাখার সুপারিশ করা হয়।
ভূমি মন্ত্রণালয়ের সচিবসহ মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন। বাসস
ইত্তেফাক/কেকে
