‘অবিলম্বে জেরুজালেমকে ইসরাইলের দখলমুক্ত করতে হবে’

আপডেট : ১০ ডিসেম্বর ২০১৭, ২০:৪৬
 
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ অবিলম্বে জেরুজালেমকে ইসরাইলের দখলমুক্ত করার আহ্বান জানিয়ে বলেছেন, জেরুজালেমকে ইসলাইলের রাজধানী করা হলে বিশ্ব শান্তি বিঘ্নিত হবে।
 
আজ রবিবার দুপুরে রাজধানীর বনানীতে জাতীয় পার্টির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান। 
 
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে হুসেইন মুহম্মদ এরশাদ জেরুজালেমকে ইসরাইলের কাছ থেকে দখলমুক্ত করার দাবি এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডিন্টে ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
 
তিনি ইসলামের প্রথম কেবলা আল আকসা মসজিদসহ জেরুজালেম মুক্ত রাখতে গোটা মুসলিম বিশ্বের প্রতি ইসরাইলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। 
 
আগামী ১২ ডিসেম্বর মঙ্গলবার রাজধানী ঢাকায় সম্মিলিত জাতীয় জোট এক বিক্ষোভ কর্মসূচি পালন করবে বলে সংবাদ সম্মেলনে জানান হয়। সংবাদ সম্মেলনে জাতীয় পার্টি ও সম্মিলিত জাতীয় জোটের নেতারা উপস্থিত ছিলেন। বাসস
 
ইত্তেফাক/কেকে