শুক্রবার বাড়ি থেকে নিখোঁজ হয়েছিলেন ৮৪ বছরের বৃদ্ধ। দুই দিন পর রবিবার নদীতে পাওয়া গেল তার লাশ। বৃদ্ধ আর কেউ নন ভারতীয় তারকা ক্রিকেটার জসপ্রিত বুমরাহর দাদা। আহমেদাবাদের স্থানীয় দমকল বাহিনী সবরমতী নদী থেকে তার লাশ উদ্ধার করেছে।
জানাযায়, ৮৪ বছরের সান্তোক সিং বুমরাহ উত্তরাখন্ডের উদ্দাম সিং নগরে থাকতেন। ভাড়া বাসায় থেকে অটো চালিয়ে দিনযাপন করতেন। ২০০১ সালে বুমরাহ পরিবারে নেমে আসে কষ্টের ছায়া। তারকা ক্রিকেটারের বাবা জসবীর সিং বুমরাহ তখন মারা যান। সেই থেকে জসপ্রিতের মা স্কুলশিক্ষিকা দলজিৎ ৭ বছরের বুমরাহকে নিয়ে বিপাকে পড়েন। মায়ের কাছে থেকে ক্রিকেটটা চালিয়ে যান জসপ্রিত। ২০১৬ সালে ভারতীয় দলের হয়ে অভিষেক হয়। এরপর ধীরে ধীরে নিজের জায়গা পাকা করেন। জসপ্রিত যখন খেলতে নামেন, তখন অন্য সবার মতো তার দাদাও টিভিতে চোখ রাখতেন।
মৃত্যুর কারণ জানা না গেলেও ভারতীয় গণমাধ্যম বলছে, আত্মহত্যা করে থাকতে পারেন এই বৃদ্ধ।
জসপ্রিত বুমরাহ ভারতীয় ক্রিকেট দলের পেস বোলিংয়ের প্রধান ভরসা। আলো ঝলমলে দুনিয়ায় তিনি সুখেই আছেন, কিন্তু তার বৃদ্ধ দাদা অভাবের তাড়নায় অটো চালিয়ে জীবনযাপন করতেন! দাদার সঙ্গে বুমরাহর যোগযোগ ছিলনা বললেই চলে। ২০১৪ সালে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএল খেলে বিশ্বক্রিকেটের নজরে আসেন বুমরাহ। সেই থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। জসপ্রিত বুমরাহ তরতর করে সামনে এগিয়ে গেলেও তার অতীত ঠিকই পেছনে রয়ে গেছে।
ইত্তেফাক/ রেজা
