প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে রবিবার ‘নাগরিক সেবায় উদ্ভাবনের জন্য সাউথ সাউথ কো-অপারেশন’ বিষয়ক দু’দিন ব্যাপী একটি আন্তর্জাতিক কর্মশালা শুরু হয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রাম এবং ইউনাইটেড নেশনস অফিস ফর সাউথ সাউথ কো-অপারেশন (ইউএনওএসএসসি)কর্মশালাটির আয়োজন করে।
বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন। এ ছাড়া সাউথ সাউথ কো-অপারেশনের একটি স্বতন্ত্র লোগোর উদ্বোধনের মাধ্যমে এই নেটওয়ার্ককে আরো সমৃদ্ধ করা হয়। বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী, ইকোনোমিক রিলেশনস ডিভিশনের (ইআরডি) সচিব মো. কাজী শফিউল আযম, ইউনাইটেড নেশনস অফিস ফর সাউথ সাউথ কো-অপারেশন (ইউএনওএসএসসি) এর সাউথ সাউথ কো-অপারেশন বিষয়ক সেক্রেটারি জেনারেল এর দূত এবং পরিচালক জর্জ সেডিক, ইউএনডিপি বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সুদীপ্ত মুখার্জী এবং এটুআই প্রোগ্রামের পলিসি এ্যাডভাইজর আনীর চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) ও এটুআই প্রোগ্রামের প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার।
IMG0
ইতোমধ্যে মিলিনিয়াম ডেভেলপমেন্ট গোল (এমডিজি) লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশ অভাবনীয় সাফল্য অর্জন করেছে। এরই সাথে সাথে সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল (এসডিজি) অর্জনের লক্ষ্যে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতার ক্ষেত্রে সাউথ সাউথ কো-অপারেশন এর মাধ্যমে বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে শুরু করেছে। জাতিসংঘের সাউথ সাউথ কো-অপারেশন (ইউএনওএসএসসি) কার্যালয় উন্নয়নশীল দেশগুলোর অংশগ্রহণ বাড়াতে বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে, যাতে বাংলাদেশ প্রধান ভূমিকা পালন করছে। এই পদক্ষেপের উদ্দেশ্য হচ্ছে জনগনের সেবার ক্ষেত্রে উদ্ভাবন চর্চার মাধ্যমে উন্নয়নশীল দেশগুলোর মধ্যে সম্মিলন ঘটানো। এর মাধ্যমে জনসেবা প্রদানে তারা তাদের উদ্ভাবন জ্ঞান ও অভিজ্ঞতা নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিতে পারবে।
এ ছাড়া কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে ‘সাউথ সাউথ ইন অ্যাকশন: সিটিজেন ফ্রেন্ডলি পাবলিক সার্ভিস ইনোভেশন ইন বাংলাদেশ’ নামক একটি প্রকাশনার মোড়ক উন্মোচন করা হয়। কর্মশালায় সকল অংশগ্রহণকারীদের সমন্বয়ে ৩টি আলাদা গ্রুপ তৈরি করে গ্রুপওয়ার্কের মাধ্যমে নাগরিক সেবায় নানা সমস্যা ও সম্ভাবনা তুলে ধরা হয়েছে। অনুষ্ঠানে অন্যদের মধ্যে সরকারি ও উন্নয়ন সংস্থার কর্মকর্তা, সাউথ সাউথ রাষ্ট্রগুলোর প্রতিনিধি, ইউএনওএসএসসি ও এটুআই প্রোগ্রামের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/ইউবি
