শিশু মোত্তাসিম বিল্লাহ হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখেছে হাইকোর্ট। এরা হলেন- তোফায়েল আহমেদ হীরা, সোহেল রানা শিপন ও আনোয়ার হোসেন। একইসঙ্গে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি লোকমান আলী ও আয়নাল হককে খালাস দেয়া হয়েছে। ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শেষে বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রবিবার এ রায় দেন। আদালতে রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মনিরুজ্জামান রুবেল শুনানি করেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা এখনো পলাতক রয়েছেন।
মামলার বিবরণে জানা যায়, পারিবারিক সম্পত্তির লোভে ২০০১ সালের ৩১ মে রাতে জামালপুর শহরের আমলাপাড়া এলাকায় যুক্তরাষ্ট্র প্রবাসী লুৎফর রহমানের সাত বছরের ছেলে মোত্তাসিম বিল্লাহকে অপহরণ শেষে হত্যা করা হয়। চাচাতো ভাই তোফায়েল আহমেদ হীরা শিশুটিকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। পরে জামালপুর সদরের নান্দিনা খড়খড়িয়া এলাকায় আসামিরা তাকে মুখে বালিশ চাপা দিয়ে হত্যা করে। এরপর নির্মাণাধীন একটি ভবনের মেঝেতে লাশ পুঁতে রাখে। এ ঘটনায় দায়েরকৃত মামলায় ৫ আসামিকে জামালপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত ফাঁসির রায় দেয়। পরে ডেথ রেফারেন্স ও আপিলের ওপর হাইকোর্টে শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে আসামিপক্ষে আইনজীবী ফজুলল হক খান ফরিদ ও শফিকুজ্জামান অংশ নেন।
ইত্তেফাক/এমআই
