আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, কেন্দ্রীয় ১৪ দল আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপি-জামায়াতের দেশকে অস্থিতিশীল করার যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবে।
আজ সোমবার দুপুরে রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম।
তিনি বলেন, গণতন্ত্রের সুযোগ নিয়ে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া মাঠে নেমেছেন। আবারো নির্বাচনকে বানচাল করতে বিএনপি-জামায়াতকে মাঠে দেখা যাচ্ছে।
মোহাম্মদ নাসিম বলেন, যারা নির্বাচনকে বানচাল করতে চায় তারা দেশের উন্নয়ন ও গণতন্ত্রকে ধ্বংস করার ষড়যন্ত্র করছে।
তিনি বলেন, সামনে জাতীয় নির্বাচন, সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই অনুষ্ঠিত হবে এবং নির্বাচন কমিশন (ইসি) নির্বাচন পরিচালনা করবে। এর বাইরে যাওয়ার কোন সুযোগ নেই।
তিনি বলেন, আগামী নির্বাচন স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা রক্ষার নির্বাচন। ১৪ দল ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে।
জিয়া পরিবারের বিদেশে পাচার করা অর্থের বিষয়ে নাসিম বলেন, দুর্নীতির মহাকাব্য হাওয়া ভবন তৈরি করেছে। জিয়া পরিবার সৌদি আরবসহ বিশ্বের বিভিন্ন দেশে যে সম্পদ পাচার করেছে তা জনগণকে জানাতে হবে। শুধু তাই নয় এ সম্পদ তারা কিভাবে পাচার করেছে সেটাও জনগণকে জানাতে হবে।
তিনি আরো বলেন, বেগম জিয়া আদালতে ন্যায় বিচারের কথা বলে ন্যায় বিচারকেই বাধাগ্রস্ত করছেন। তিনি আদালতে দেয়া তার বক্তব্যের মাধ্যমে স্বাধীনতা বিরোধীদের উৎসাহিত করছেন বলে নাসিম উল্লেখ করেন।
ইত্তেফাক/কেকে
