খুলনা-মোংলা রেললাইন বাংলাদেশের অর্থনীতিতে অবদান রাখবে: হর্ষ বর্ধন শ্রিংলা

আপডেট : ১১ ডিসেম্বর ২০১৭, ১৮:৩৩
 
ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা বলেছেন, খুলনা-মোংলা রেললাইন চালু হলে খুলনাসহ বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতিতে ব্যাপক ভূমিকা পালন করবে।
 
তিনি সোমবার দুপুরে খুলনা-মোংলা রেল প্রকল্পের রূপসা রেল সেতুর নির্মাণ কাজ পরিদর্শনে এসে এ কথা বলেন। এ সময় শ্রিংলা রূপসা রেল সেতুর নির্মাণ কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন।
 
ভারতীয় হাইকমিশনার বাংলাদেশ রেলওয়েকে ২০১৯ সালের মধ্যেই এ কাজ সম্পন্ন করার তাগিদ দেন । তিনি আরো বলেছেন, খুলনাতে উপ ভারতীয় দূতাবাস স্থাপনের কাজ চলছে।
 
এ সময় উপস্থিত ছিলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও আর্থিক উপদেষ্টা ড. সুমিত জেরথ, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা (অবকাঠামো) ড. পঙ্কজ সিং,  ঢাকাস্থ ভারতের উচ্চ কমিশনের প্রথম সচিব রাজেশ ইউক (টরশব), ভারতের উচ্চ কমিশনের সেকেন্ড সেক্রেটারি (বাণিজ্যিক) শ্রী শিশির কোথারি, ভারতবর্ষের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব (বাংলাদেশ ও মিয়ানমার)  ভিপুল কুমার মেসারিয়া, জেলা প্রশাসক আমিন উল আহসান, খুলনা মেট্রোপলিটন পুলিশের এডিসি মনিরুজ্জামান প্রমুখ। 
 
ইত্তেফাক/আরকেজি