বিরাট কোহলি এবং আনুশকা শর্মার বিয়ে নিয়ে বেশ কয়েক দিন ধরেই গুঞ্জন চলছিল বিভিন্ন মহলে। হঠাৎ করে বিরাটের ইতালি পাড়ি দেওয়া এবং তার পরই পারিবারিক পুরোহিতসহ সপরিবারে আনুশকার ইতালি যাত্রা আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছিল জল্পনা। বিনোদন জগৎ থেকে ক্রী়ড়াক্ষেত্র—সর্বত্রই এই জুটির বিয়ে নিয়ে চলছিল নানা কথা।
তবে ক্রিকেটের মতোই সব গুঞ্জন কাভার ড্রাইভে বাউন্ডারির বাইরে পাঠিয়ে প্রেমিকা আনুশকা শর্মার সঙ্গে বিয়েটা সেরেই ফেললেন বিরাট। ঐতিহাসিক শহর রোম থেকে ৩০০ কিলোমিটার দূরে তাস্কানির বর্গ ফিনোচ্চিয়েতো অঞ্চলে বিয়ে সারলেন তারা।
বিশ্ব ক্রিকেটের অন্যতম তারকার হাইপ্রোফাইল বিয়ের পরই তাকে শুভেচ্ছা জানান শহিদ আফ্রিদি থেকে হরভজন সিংহের মত তারকা ক্রিকেটাররা।
IMG0
নবদম্পতিকে বিয়ের অভিনন্দন জানান মাস্টার ব্লাস্টার শচিন টেন্ডুলকার। শচিন তাঁর টুইটার হ্যান্ডেলে লেখেন, ‘সদ্য বিবাহ বন্ধনে আবদ্ধ বিরাট এবং আনুশকাকে অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। দু’জনকে একসঙ্গে দুর্দান্ত লাগছে।’
বিরাট-আনুশকাকে নতুন জীবনের শুভেচ্ছা জানিয়ে হরভজন সিংহ লেখেন, ‘ঈশ্বর সবসময় তোমাদের খুশি রাখুক। এই সুন্দর জুটি দীর্ঘজীবী হোক।’
IMG1
এই জুটিকে বিয়ের অভিনন্দন জানান প্রাক্তন তারকা বোলার শোয়েব আখতারও। শোয়েব লেখেন, ‘জীবনের নতুন ইনিংসের জন্য অনেক শুভেচ্ছা রইল তোমাদের।’
IMG2
শোয়েবের পাশাপাশি প্রাক্তন পাক অধিনায়ক শাহিদ আফ্রিদিও শুভেচ্ছা জানান বিরাটকে। তিনি লেখেন, ‘অনেক শুভেচ্ছা। ঈশ্বর তোমাদের মঙ্গল করুন এবং সুখী রাখুন।’
ভারতীয় দলের অধিনায়ককে বিয়ের শুভেচ্ছা জানাতে ভোলেননি আকাশ চোপড়া-উমেশ যাদবরাও। আকাশ লেখেন, ‘ঈশ্বর তোমাদের মঙ্গল করুন। সুখী হও।’
উমেশ যাদব লেখেন, ‘অনেক শুভেচ্ছা তোমাদের দু’জনকে। ঈশ্বর তোমাদের খুশি রাখুক।’
IMG3
জাতীয় দলের অধিনায়ককে শুভেচ্ছা জানায় ভারতীয় ক্রিকেট বোর্ডও। বিসিসিআই তাদের টুইটার হ্যান্ডেলে লেখে, ‘এই সুন্দর জুটিকে জানাই আন্তরিক শুভেচ্ছা। বিবাহিত জীবন খুব সুখের হোক।’-আনন্দবাজার।
ইত্তেফাক/কেআই
