ভারতের বিপক্ষে অভিষেক টেস্ট খেলবে আফগানিস্তান

আপডেট : ১২ ডিসেম্বর ২০১৭, ১৪:১৮
টেস্ট মর্যাদাটা গত জুন মাসেই পেয়েছে আফগানিস্তান। তবে এখনো দলটির লঙ্গার ভার্সনে অভিষেক হয়নি। এবার ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) নিশ্চিত করেছে ২০১৮ সালে আফগানিস্তানের সঙ্গে প্রথম টেস্ট খেলবে ভারত।
 
বিসিসিআই-এর প্রধান নির্বাহী রাহুল জহরি বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এই ম্যাচের তারিখ ও ভেন্যু দুই বোর্ড আলোচনা করে দ্রুতই সিদ্ধান্ত নেবে বলেও জানান তিনি। প্রথমে জিম্বাবুয়ের সঙ্গে খেলার কথা ছিল আফগানিস্তানের। জিম্বাবুয়ে দল আগামী বছরের শুরুর দিকে বাংলাদেশ সফরের আগে সংযুক্ত আরব আমিরাতে আফগানদের সঙ্গে খেলার কথা ছিল। তবে বিশ্বকাপ প্রস্তুতিতে মনযোগ দিতে সম্প্রতি সেই ম্যাচ খেলতে অস্বীকৃতি জানায় জিম্বাবুয়ে।
 
আফগানিস্তান চতুর্থ দল যারা ভারতের সঙ্গে অভিষেক ম্যাচ খেলবে। আফগানিস্তানের সঙ্গে একইসময়ে আইসিসির পূর্ণ সদস্য দেশের মর্যাদা পায় আয়ারল্যান্ড। দলটি আগামী বছর মে মাসে পাকিস্তানের বিপক্ষে অভিষেক টেস্ট খেলবে।
 
ইত্তেফাক/কেআই