২০২১ সালের চ্যাম্পিয়নস ট্রফি ভারতে

আপডেট : ১২ ডিসেম্বর ২০১৭, ১৪:৪১
আগামী ২০২১ সালে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি আয়োজন করতে যাচ্ছে ভারত। দেশটি ২০২৩ সালের আইসিসি বিশ্বকাপও এককভাবে আয়োজন করবে। সোমবার দিল্লিতে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) বিশেষ সাধারণ সভায় এ তথ্য জানানো হয়। সভায় ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত ভারতের ফিউচার ট্যুর প্রোগ্রামও (এফটিপি) ঘোষণা করা হয়।
 
এর আগে ২০০৬ সালে চ্যাম্পিয়নস ট্রফি আয়োজন করেছিল ভারত। তবে ২০২১ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন নিয়েই সন্দিহান আইসিসি। কারণ নতুন করে চালু হতে যাওয়া ওয়ানডে লিগ শুরু হলে এই টুর্নামেন্ট বাতিল হয়ে যেতে পারে। যদিও এখন পর্যন্ত ২০২১ সালের আগে ওয়ানডে লিগ চালু করার পরিকল্পনা নেই আইসিসির।
 
বিসিসিআইয়ের অনুমোদিত এফটিপিতে ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত সর্বমোট ৮১টি ম্যাচ আয়োজনের কথা বলা হয়েছে। এ সময় ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার সঙ্গে সিরিজ খেলবে ভারত।
 
ইত্তেফাক/কেআই