মেজর জিয়াউদ্দিন বঙ্গবন্ধুর একজন সৈনিক ছিলেন : চিফ হুইপ

আপডেট : ১২ ডিসেম্বর ২০১৭, ১৭:৫৪
 
চিফ হুইপ আ.স.ম ফিরোজ বলেছেন, মেজর জিয়াউদ্দিন মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতার পক্ষে বঙ্গবন্ধুর একজন সৈনিক ছিলেন। 
 
তিনি তার কর্মকাণ্ডকে স্মরণ রাখার জন্য নবম সেক্টরের সব মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। 
 
আজ মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে নবম সেক্টরের মুক্তিযোদ্ধাদের আয়োজিত নবম সেক্টরের সুন্দরবন সাব-সেক্টর কমান্ডার প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মেজর জিয়াউদ্দিন আহমেদ (অব.) এর স্মরণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি। 
 
ফিরোজ বলেন, দক্ষিণ অঞ্চলের প্রতিটি মানুষের প্রাণের স্পন্দন ছিলেন মেজর জিয়া। তিনি সুন্দরবনে কয়েকটি ক্যাম্প করে সেখানে পাক হানাদার বাহিনী প্রবেশ করতে দেননি। বঙ্গবন্ধুর ডাকে তিনি রণাঙ্গনে যুদ্ধ করেছিলেন। মেজর জিয়া উদার ও আধুনিক মনের মানুষ ছিলেন। তিনি মুক্তিযুদ্ধের দিকপাল হিসেবে কাজ করেছেন। 
 
চিফ হুইপ বলেন, মুক্তিযুদ্ধে তার এসকল অবদানের জন্য মরনোত্তর জাতীয় স্বাধীনতা পুরস্কার প্রদান এবং হাইকোর্টে রায়ের আলোকে তার প্রাপ্য বেতনভাতা ও পদমর্যাদা প্রদানের বিষয়ে তার প্রচেষ্টা অব্যাহত রাখবেন। 
 
বীর মুক্তিযোদ্ধা মাহবুব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে খাদ্য মন্ত্রী মো. কামরুল ইসলাম, মেজর জেনারেল (অব.) মোহাম্মদ আলী, সুলতান শরিফ, এম নজরুল, মেজর (অব.) লেনিন ও মরহুম মেজর জিয়াউদ্দিন আহমেদের সহধর্মিনী কানিজ মাহমুদা আহমেদ বক্তৃতা করেন। বাসস
 
ইত্তেফাক/কেকে