দ্রুত বিচার আদালত গঠন করে ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফির হত্যাকারিদের বিচারের দাবি জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম। বৃহস্পতিবার বিকেলে আজিমপুর সরকারি কমিউনিটি সেন্টারের মহানগর ১৪ দল আয়োজিত মাদক, জঙ্গিবাদ নির্মূল ও নিরাপদ সড়ক প্রতিষ্ঠায় জনসচেনতামূলক অভিভাবক সমাবেশে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, 'ফেনীর ওই ছাত্রীকে কে হত্যা করেছে এবং এর সঙ্গে কারা জড়িত তা সবাই জানে। আমি আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করছি দ্রুত বিচার আদালত গঠন করে তাদের দ্রুত বিচার করতে হবে, শাস্তি দিতে হবে। দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারের ব্যবস্থ করেন। তা না হলে সমাজের এই অবক্ষয় দুর হবে না। অনতিবিলম্বে এটা করতে হবে। এই হত্যাকারী অপরাধীরা কোনোভাবেই পার পেতে পারে না'।
মাদক, জঙ্গিবাদ নির্মূল ও নিরাপদ সড়ক প্রতিষ্ঠার লক্ষ্যে অনুষ্ঠিত জনসচেনতামূলক অভিভাবক সমাবেশে তিনি বলেন, 'মাদক নির্মূলসহ সব সামাজিক অবক্ষয় দূর করতে সমাজের সকল শ্রেণী পেশার মানুষকে এগিয়ে আসতে হবে। সমাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। সরকারকে সহযোগিতা করতে হবে। তবেই এই সামাজিক অবক্ষয় দুর হবে'।
আরও পড়ুন: নাটোর ছাত্রলীগ নেতা হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন
মহানগর ১৪ দলের সমন্বয়ক শাহে আলম মুরাদের সভাপতিত্বে সমাবেশে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার, জাতীয় পার্টি জেপির মহাসচিব শেখ সহিদুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আবুল হাসনাত, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাৎ হোসেন, অভিভাবক প্রতিনিধি মোসাদ্দেক হোসেন ও ছাবিনা পারভিন প্রমুখ বক্তব্য রাখেন।
ইত্তেফাক/জেডএইচডি
