অধিনায়ক কোম্পানীর ফেরার অপেক্ষায় গার্দিওলা

আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৭, ১৩:৩৯
সাম্প্রতিক ইনজুরি কাটিয়ে ম্যানচেস্টার সিটি অধিনায়ক ভিনসেন্ট কোম্পানীর দ্রুত মাঠে ফিরে আসার আশাবাদ ব্যক্ত করেছন কোচ পেপ গার্দিওলা। রবিবার ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ওল্ড ট্রাফোর্ডে ম্যানচেস্টার ডার্বিতে ২-১ গোলের জয়ের ম্যাচটিতে কোম্পানী বিরতির পরে মাঠের বাইরে চলে যান। এই জয়ে প্রিমিয়ার লিগ টেবিলে নগর প্রতিদ্বন্দ্বীদের থেকে ১১ পয়েন্ট এগিয়ে সুস্পষ্ট ব্যবধানেই শীর্ষস্থানটি ধরে রেখেছে সিটিজেনরা। 
 
সাম্প্রতিক সময়ে কোম্পানী বেশ কয়েকবার ইনজুরির কবলে পড়ে মাঠের বাইরে ছিলেন। বিশেষ করে কাফ পেশীর ইনজুরি তাকে দীর্ঘদিন মাঠের বাইরে থাকতে বাধ্য করেছিল। বুধবার সোয়ানসি সিটির বিপক্ষে লিগের ম্যাচকে সামনে রেখে কোম্পানীর ইনজুরি প্রসঙ্গে গার্দিওলা বলেছেন তার পেশীতে সমস্যা রয়েছে, তবে আগের মত গুরুতর নয়। যদিও বুধবার সোয়ানসির বিপক্ষে তার খেলা হচ্ছে না। তবে এবারের ইনজুরির কারণে দীর্ঘদিন তাকে বিশ্রামে থাকতে হবে না বলেই আশা করছেন সিটি বস।
 
এই ম্যাচে জয়ী হতে পারলে সিটি প্রিমিয়ার লিগে সর্বকালের সর্বোচ্চ ১৫ ম্যাচে টানা জয়ের রেকর্ড গড়বে। কোম্পানীর অনুপস্থিতিতে সেন্টার ব্যাকে নিকোলাস ওটামেন্ডির সাথে এলিয়াকুইম মানগালাই মাঠে নামবেন। যেহেতু জন স্টোনস এখনো হ্যামস্ট্রিং সমস্যার কারণে এখনো সাইডলাইনে আছেন। 
 
ইত্তেফাক/কেআই