‘জনশক্তি প্রেরণ খাতে দুর্নীতি বরদাশত করা হবে না’

আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৭, ১৮:৩৮
 
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি বলেছেন, অভিবাসন ব্যয় কমানো, ভিসা ট্রেডিং বন্ধ করা, নতুন শ্রমবাজার তৈরি করা, দক্ষ কর্মী প্রেরণ, ডায়াসপোরাদের সম্পৃক্ত করা, নারী কর্মীদের সুরক্ষাসহ অভিবাসী কর্মীদের সার্বিক নিরাপত্তা ও কল্যাণ বিধান করাই বর্তমান সরকারের মূল  লক্ষ্য। অভিবাসন খাতে এ বছর রেকর্ডসংখ্যক ৯ লাখ ৬৪ হাজার কর্মীর বিভিন্ন দেশে কর্মসংস্থান, অনলাইন ভিসা চালু, কর্মী প্রেরণে ডিজিটালেইজেশন পদ্ধতির ব্যবস্থা, স্মার্ট কার্ড প্রবর্তনসহ অভিবাসন কূটনীতিতে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে।  তারপরও অভিবাসন ব্যয় কমিয়ে আনাসহ নানামুখী চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে। বিদেশে কর্মী প্রেরণে অতিরিক্ত অর্থ আদায় দুর্নীতি, অনিয়ম, হয়রানি ও প্রতারণা বরদাশত করা হবে না।
 
বুধবার ফার্মগেইটস্থ দি ডেইলি স্টারের সেমিনার হলে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ‘অভিবাসন কূটনীতি: সাফল্য, সীমাবদ্ধতা ও করণীয়’ শীর্ষক এক সংলাপে তিনি এ সব কথা বলেন। সংলাপটি আয়োজনে সহযোগিতা করে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।  সেমিনারে মূল প্রতিপাদ্য উপস্থাপন করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।
 
সংলাপে আরো বক্তব্য রাখেন ইসরাফিল আলম এমপি, সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. কে.এম মহসিন, বিএমইটির মহাপরিচালক সেলিম রেজা, বিএমইটির পরিচালক (প্রশিক্ষণ) ড. মো. নুরুল ইসলাম, প্রমূখ। সংলাপটি  সঞ্চালনা করেন ন্যাশনাল ডিবেট ফেডারেশনের মহাসচিব মোস্তাফিজুর রহমান খান।
 
সংলাপে উন্নয়ন কর্মী, গণমাধ্যম কর্মীসহ ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, প্রাইম ইউনিভার্সিটি, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস এন্ড টেকনোলজি (বিইউবিটি) শিক্ষার্থী ও শিক্ষকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাক/ইউবি