‘জঙ্গিমুক্ত সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা পালন করতে হবে’

আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৭, ২০:২৬
 
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী মুক্তিযুদ্ধের চেতনায় জঙ্গি ও মাদকমুক্ত সমাজ গঠনের ওপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি বলেছেন, জঙ্গি ও মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। কারণ ছেলেমেয়েদের জ্ঞানদান ও লেখাপড়া শিখিয়ে মানবসম্পদ তৈরির কাজ শিক্ষকরাই করে থাকেন।
 
আজ বুধবার বিকেলে রংপুরের পীরগঞ্জে উপজেলা প্রশাসন আয়োজিত এক শিক্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন স্পিকার।
 
ড. শিরীন শারমিন এ সমাবেশকে ব্যতিক্রমধর্মী ও অন্যন্য আয়োজন হিসেবে উল্লেখ করে শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, আপনারাই তো আমাদের হাতেখড়ি দিয়েছেন, আপনাদের কাছেইতো লেখাপড়া শেখা শুরু করেছি। সেটার কৃতিত্ব সম্পূর্ণ আপনাদের।
 
তিনি বলেন, জাতি গঠনে এবং জ্ঞানদানে একজন শিক্ষকের যে নিবেদিত ভূমিকা, একজন শিক্ষকের সন্তান হিসেবে তা দেখা ও জানার সুযোগ হয়েছে। সমাবেশে শিক্ষক প্রতিনিধিদের বক্তব্যে উঠে আসা নানা সমস্যা সমাধানে শিক্ষামন্ত্রীর সঙ্গে শিগগিরই আলোচনার প্রতিশ্রুতি দেন তিনি।
 
ইত্তেফাক/কেকে