অনেক শ্রদ্ধা ভালোবাসা কবরী ম্যাডামের জন্য: সাফা

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৭, ০৯:৪০
 
এই প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির। সাজ্জাদ হোসেন দোদুলের রচনা ও নির্দেশনায় ‘ডেটলাইন ২০১৭’ ও আবুল হায়াত মাহমুদের পরিচালনায় ‘অভিমান’ নাটকের কাজ এরইমধ্যে শেষ করেছেন তিনি। নাটক দুটি প্রচার হবে বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উপলক্ষে। 
 
‘ডেটলাইন ২০১৭’ নাটকে কবরীর মেয়ের চরিত্রে অভিনয় করেছেন তিনি। যখনই সাফা জানতে পারলেন ১২ ডিসেম্বর তিনি কবরীর সঙ্গেই একটি নাটকে অভিনয় করতে যাচ্ছেন তখন থেকে যেন অনেক উচ্ছ্বসিত ছিলেন তিনি। আবার কিছুটা ভয়েও ছিলেন। কারণ এত বড়মাপের অভিনেত্রীর সাথে প্রথমবারের মতো অভিনয়। 
 
সাফা বলেন, ‘শুটিংয়ে যাওয়ার আগে বেশ ভালোভাবে প্রস্তুতি নিই। বিশেষ করে ওনার সম্পর্কে অনেককিছুই জেনে নিয়েছি। কবরী ম্যাডাম এত বড়মাপের একজন নায়িকা যে, তার সঙ্গে অভিনয় করতে পেরেছি এটাই আমার অভিনয় জীবনের অনেক বড় অর্জন। অভিনয়ের পথচলায় এই অর্জনটা আমার পাথেয় হয়ে থাকবে। তিনি এত বড় একজন শিল্পী হয়ে আমাকে অনেক আদর করেছেন, শুটিংয়ের সময় দারুণ সহযোগিতা করেছেন। যেকোনো দৃশ্য ধারণের আগে তিনি আর আমি রিহার্সেল করেছি। কি যে ভালোলাগা ছুঁয়ে গেছে আমার মনের ভেতর তা বোঝাতে পারবো না। আমি অনেক কৃতজ্ঞ দোদুল ভাইয়ের কাছে এবং অনেক অনেক শ্রদ্ধা ভালোবাসা কবরী ম্যাডামের জন্য।’
 
এদিকে, সাফা গতকাল থেকে ময়মনসিংহে সরাজের নির্দেশনায় তৌসিফ মাহবুবের সঙ্গে একটি শর্টফিল্মের শুটিং শুরু করেছেন।
 
ইত্তেফাক/আনিসুর