মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার আহ্বান স্পিকারের

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৭, ১৫:৫৫
 
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশ গড়তে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে তার নির্বাচনী এলাকা পীরগঞ্জ শহীদ মিনার প্রাঙ্গণে শহীদ বুদ্ধিজীবী দিবস-২০১৭ উপলক্ষে এক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান তিনি। সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। 
 
তিনি বলেন, শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগের তথা স্বাধীনতার সঠিক ইতিহাস তরুণ প্রজন্মকে জানাতে হবে।স্কুলের শিক্ষার্থীদের কাছে মুক্তিযুদ্ধের চেতনা, দেশের জন্য জাতির পিতার সংগ্রামের ইতিহাস, ৩০ লাখ শহীদদের আত্মত্যাগ, ২ লাখ মা-বোনের সম্ভ্রম হানির ইতিহাস তুলে ধরতে হবে।
 
স্পিকার বলেন, জাতিকে মেধা শূন্য করার হীন চক্রান্ত চরিতার্থ করতে বিজয়ের ঠিক আগ মুহূর্তে ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর জাতির সূর্য সন্তানদের নির্মমভাবে হত্যা করে স্বাধীনতা বিরোধী রাজাকার আল বদরেরা। সেই সব বরেণ্য বুদ্ধিজীবীদের জাতি শ্রদ্ধাভরে চিরদিন স্মরণ করবে।
 
তিনি বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দীর্ঘ ২৩ বছরের লড়াই-সংগ্রামের ফসল আমাদের স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। বঙ্গবন্ধুর নেতৃত্বে ও ৭ মার্চের দিক নির্দেশনামূলক ভাষণে অনুপ্রাণিত হয়ে জাতি, ধর্ম, বর্ণ নির্নিশেষে সকল স্তরের মুক্তিকামী জনতা সেদিন মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল আর বিজয়ী বীরের বেশে তারা ঘরে ফিরেছিল। 
 
ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগের তথা স্বাধীনতার সঠিক ইতিহাস তরুণ প্রজন্মকে জানাতে হবে। স্কুলের শিক্ষার্থীদের কাছে মুক্তিযুদ্ধের চেতনা, দেশের জন্য জাতির পিতার সংগ্রামের ইতিহাস তুলে ধরতে হবে। তিনি নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশ গড়তে এগিয়ে আসার আহ্বান জানান।
 
স্পিকার বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ ইউনেস্কো কর্তৃক বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে অন্তর্ভুক্ত হওয়ায় দেশ ও জাতি গর্বিত। 
 
শিক্ষার্থীদেরকে তিনি বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ বারবার শোনার আহ্বান জানিয়ে বলেন, ৭ মার্চের ভাষণের মর্ম অনুধাবন করে তা ধারণ করতে হবে।
 
এর আগে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়। শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
 
ইত্তেফাক/কেকে