‘বঙ্গবন্ধুর খুনিদের দেশে এনে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে’

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৭, ১৮:৫৫
 
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিদেশে পলাতক বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে।
 
আজ বৃহস্পতিবার সকালে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজধানীর মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে দলের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে এ আশাবাদ ব্যক্ত করেন।
 
তিনি বলেন, দেশের বুদ্ধিজীবীদের যারা হত্যা করেছে তাদেরকেও দেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ড কার্যকর করা হোক। সে লক্ষ্যে সরকার খুনিদের দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে কাজ করছে।
 
তিনি আরো বলেন, কিন্তু তারা (খুনি) যেসব দেশে পালিয়ে রয়েছে সে সব দেশের কিছু নিয়ম-কানুনের জটিলতার জন্য এতদিন তাদের ফিরিয়ে আনা সম্ভব হয়নি। এখন সে জটিলতার জট ধীরে ধীরে খুলছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের কূটনৈতিক তৎপরতা আরো বেড়েছে।
 
সেতুমন্ত্রী বলেন, আমরা আশা করছি, সে খুনিদের দেশে ফিরিয়ে এনে দ্রুত তাদের মৃত্যুদণ্ড কার্যকর করতে পারব।
 
এ সময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, একেএম এনামুল হক শামীম, উপ-দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রিয়াজুল কবির কাউসার প্রমুখ উপস্থিত ছিলেন। বাসস
 
ইত্তেফাক/কেকে