বিসিবি থেকে ছাড়পত্র পায়নি মুস্তাফিজ

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৭, ১৯:৩২
সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে শুরু হওয়া টি-টেন ক্রিকেট টুর্নামেন্টে বাংলাদেশ থেকে সাকিব আল হাসান ও তামিম ইকবাল খেললেও মুস্তাফিজুর রহমানের খেলা হচ্ছে না। চার দিনের এই প্রতিযোগিতায় খেলার জন্য বাঁহাতি পেসারকে এনওসি (অনাপত্তিপত্র) দেয়নি বিসিবি।
 
টি-টেন ক্রিকেটে খেলতে বুধবার আরব আমিরাতে গেছেন সাকিব। একই দিন তামিম, মুস্তাফিজেরও যাওয়ার কথা ছিল।
 
কিন্তু তামিম যেতে পারেনি বিসিবির শুনানির মুখোমুখি হওয়ার কারণে। বিপিএল চলাকালে মিরপুরের উইকেট নিয়ে আপত্তিকরা মন্তব্য করায় তামিমকে কারণ-দর্শানোর চিঠি দিয়েছিল বিসিবি। তবে তামিম আজ দুবাইয়ের উদ্দেশ্যে রওনা হবেন বলে জানা গেছে।
 
এদিকে টুর্নামেন্টে বেঙ্গল টাইগার্সের হয়ে খেলার কথা ছিল মুস্তাফিজের। কিন্তু এনওসি না পাওয়ায় যেতে পারছেন না ‘দ্য ফিজ’।
 
দক্ষিণ আফ্রিকা সফরে গোড়ালির চোটে পড়েছিলেন মুস্তাফিজ। ফলে বিপিএলে রাজশাহী কিংসের হয়ে প্রথম দুই লেগ খেলতে পারেননি। শেষ দিকে চার ম্যাচে খেলেছেন। সামনে বাংলাদেশের ব্যস্ত সূচি। টি-টেন ক্রিকেটে মুস্তাফিজকে খেলার অনুমতি দিয়ে তাই ঝুঁকি নিতে চায় না বিসিবি।
 
ইত্তেফাক/ রেজা