কোটির ঘরে রবিউল ইসলাম জীবন

আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৭, ১৯:৪০
 
প্রথমবারের মতো ইউটিউবে এক কোটি ভিউয়ারের মাইলফলক ছুঁলো এ সময়ের নন্দিত গীতিকার রবিউল ইসলাম জীবনের লেখা গান। ‘কেউ না জানুক’ শিরোনামের এই গানটির শিল্পী তাহসান। সুর ও সংগীতায়োজনে ইমরান। গত বছরের ১ ডিসেম্বর সিডি চয়েসের ইউটিউব চ্যানেলে গানটির ভিডিও প্রকাশ করা হয়। ভিডিও নির্মাণ করেন মিজানুর রহমান আরিয়ান। মডেল হন সুজানা ও এবিএম সুমন। 
 
তাহসান এবং সিডি চয়েসেরও ইউটিউবে এক কোটি ভিউয়ার হওয়ার প্রথম গান ‘কেউ না জানুক’। রবিউল ইসলাম জীবনের কথায়, ইমরানের সুর-সংগীতে সিডি চয়েস থেকে প্রকাশিত তাহসান ও ইমরানের দ্বৈত অ্যালবাম ‘মন কারিগর’-এর গান এটি। 
 
রবিউল ইসলাম জীবন বলেন, ‘আমার অনেক প্রিয় একটি গান ‘কেউ না জানুক’। ইমরানের দুর্দান্ত সুর-সংগীতের পর তাহসান ভাইয়ের অসাধারণ গায়কী গানটিকে নতুন মাত্রা দেয়। অডিওতেই গানটি বেশ সাড়া ফেলে। ভিডিও প্রকাশের পর তা আরো ছড়িয়ে যায়। সিডি চয়েসের কর্ণধার জহিরুল ইসলাম সোহেল ভাইসহ গানটির সঙ্গে জড়িত সবাইকে ধন্যবাদ। যাদের কারণে গানটি কোটি ভিউয়ার পেলো সেই তাদের প্রতি রইলো ভালোবাসা।’ 
 
গত ১১ বছর ধরে রবিউল ইসলাম জীবনের লেখা গান প্রকাশ পাচ্ছে। তার লেখা অনেক গানই পেয়েছে জনপ্রিয়তা। শ্রেষ্ঠ গীতিকার হিসেবে এ পর্যন্ত তিনবার ‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন তিনি। 
 
‘কেউ না জানুক’ গানটি পেতে ইউটিউবের লিংক https://www.youtube.com/watch?v=aPw1M_Ehg94
 
ইত্তেফাক/কেকে