বিদ্যুৎ সেক্টরে বিনিয়োগের জন্য দক্ষিণ কোরিয়ার প্রতি আহ্বান

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৭, ২১:০৯
 
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বাংলাদেশের বিদ্যুৎ সেক্টরে বিনিয়োগের ক্ষেত্রে দক্ষিণ কোরিয়ার বিরাট সুযোগ রয়েছে। বাংলাদেশের বিদ্যুৎ সেক্টরের জন্য দক্ষিণ কোরিয়া বিদ্যুৎ প্ল্যান্ট, টার্মিনাল স্থাপন এবং কয়লা ও পাথর উত্তোলনের কাজে অংশ নিতে পারে।
 
এক সরকারি তথ্য বিবরণীতে বলা হয়, বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত রি সং হিয়ন আজ বৃহস্পতিবার প্রতিমন্ত্রীর সঙ্গে তার মন্ত্রণালয়ের অফিসে সৌজন্য সাক্ষাৎকালে এ কথা বলেন। 
 
প্রতিমন্ত্রী কোরীয় দূতকে জানান, বাংলাদেশের বিদ্যু সেক্টরে এ পর্যন্ত ২১ বিলিয়ন ডলার বিনিয়োগ করা হয়েছে। তিনি এই সেক্টরে আরো বিনিয়োগের আহ্বান জানান।
 
বৈঠককালে কোরীয় রাষ্ট্রদূত বাংলাদেশের সঙ্গে অভিজ্ঞতা বিনিময়ে তার দেশের গভীর আগ্রহ প্রকাশ করেন।পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়েও তাদের মধ্যে আলোচনা হয়।
 
রাষ্ট্রদূত ঢাকা ও সিউলের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরো বাড়ানোর ওপর জোর দেন। বাসস
 
ইত্তেফাক/কেকে