বিশনন্দী ফেরিঘাটে সিঁড়ির অভাবে পল্টুন অকেজো

আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৭, ১৪:৫৬
 
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বিশনন্দী ফেরিঘাটের একটি পল্টুন দীর্ঘ ৫ মাস যাবত অকেজো হয়ে পড়ে আছে। যারফলে দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের। কর্তৃপক্ষের এই উদাসীনতার কারণে একটি মাত্র সিঁড়ির অভাবে পল্টুনটি ব্যবহার করা যাচ্ছে না। ফলে দুটি পল্টুনই চিরতরে বাতিল হয়ে যাওয়ার উপক্রম হয়েছে।
 
জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার সঙ্গে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার যোগাযোগের একমাত্র অবলম্বন বিশনন্দী ফেরী ঘাট। দুটি ফেরির মাধ্যমে বৃহত্তর মেঘনা নদী পাড়ি দিয়ে দুই জেলার মধ্যে একটি সেতু বন্ধন তৈরি হয়েছে। এই দুই জেলাসহ আশে-পাশের কয়েক জেলার  হাজার হাজার যাত্রী এ ফেরি দুটির মাধ্যমে রাজধানীর সাথে যোগাযোগ রক্ষা করে চলেছে। কিন্তু ফেরি দুটিও আজ জরাজীর্ণ অবস্থায় ঝুঁকি নিয়ে চলাচল করছে।
 
ফেরিতে উঠা-নামার সহায়ক হিসেবে কাজ করে দুটি পল্টুন। আর পল্টুন দিয়ে ফেরিতে উঠার জন্য দরকার একটি মাত্র সিঁড়ি। দীর্ঘ প্রায় ৫ মাস যাবত সিঁড়িটি না থাকায় পল্টুনটি কোন কাজেই আসছে না। ফলে অতিরিক্ত চাপে পড়ে অপরটি পল্টুনটিও বিকল হওয়ার পথে।
 
ফেরি ঘাটের ইজারাদার মাহাবুব জানান, পল্টুনটি মেরামত না করায় সরকারের কোটি টাকার সম্পত্তি নষ্ট হচ্ছে। সেই সাথে পল্টুনের সামনের জায়গা গুলো অবৈধ ভাবে দখল হয়ে যাচ্ছে স্থানীয় লোকজনের দ্বারা। অপর দিকে যাত্রীরা জানায়, দুটি ফেরি দিয়ে চলছে বিশনন্দী ফেরিঘাট। বর্তমানে দুটি ফেরিই ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
 
উপসহকারী প্রকৌশলী আহসানউল্লাহ মজুমদার ফেরির সমস্যার কথা স্বীকার করে জানান, ফেরি দুটির সমস্যা সম্পর্কে নজর দেয়া হচ্ছে। আশা  করি কিছুদিনের মধ্যে ঠিক হয়ে যাবে।
 
ইত্তেফাক/জামান