বুদ্ধিজীবী দিবসের ইতিহাস জানাতে ‘যুদ্ধদলিলের’ উদ্যোগ

আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৭, ১৯:১৯
 
বুদ্ধিজীবী দিবসের ইতিহাস সচেতনভাবে তুলে ধরা প্রয়াসে দেশের বিভিন্ন জেলায় লিফলেট বিতরণ করেছে অনলাইনভিত্তিক প্রকল্প ‘যুদ্ধদলিল’। 
 
১৪ ডিসেম্বর ‘পরিচয় একটাই: মুক্তিযুদ্ধ’স্লোগানে একযোগে দেশের ১৮টি জেলায় গণহত্যার দলিলকে লিফলেট আকারে বিতরণ করেন এই প্রকল্পের স্বেচ্ছাসেবীরা।
 
জেলাগুলো হল- ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী, জামালপুর, সিলেট, চাঁদপুর, কুমিল্লা, চট্টগ্রাম, নোয়াখালী, খুলনা, রাজশাহী, বাগেরহাট, মাদারীপুর, কুড়িগ্রাম, বগুড়া ও যশোর। 
 
বৃহস্পতিবার বিকেলে ঢাকার শাহবাগ ও রায়েরবাজার বধ্যভূমিতে বিভিন্ন শ্রেণিপেশার মানুষের মাঝে যুদ্ধদলিল ও গণহত্যার বিবরণ সংবলিত লিফলেট বিতরণ করা হয়। 
 
যুদ্ধদলিল-এর প্রকল্প পরিচালক ইঞ্জিনিয়ার লিও বলেন, মূলত তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সম্পর্কে জানতে উদ্বুদ্ধ করার জন্য আমরা কাজ করছি। ফেসবুকে ‘বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ: দলিলপত্র থেকে বলছি’নামে একটা পেজের মাধ্যমেও ইতিহাসের পাতা থেকে বিভিন্ন অংশ তুলে ধরা হচ্ছে। বুদ্ধিজীবী দিবসে একাত্তরের গণহত্যার ইতিহাস সবার মাঝে তুলে ধরতে লিফলেট বিতরণের উদ্যোগ নেয়া হয়েছে।
 
ইত্তেফাক/ইউবি