সানি অনুষ্ঠান করলে গণ আত্নহত্যা হবে কর্নাটকে

আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৭, ০২:০২
সানি লিওন যদি অনুষ্ঠান করে, তাহলে গণ আত্মহত্যা ঘটবে ভারতের কর্নাটকে। ঠিক এমন ভাষাতেই শুক্রবার হুমকি দিয়েছেন কর্নাটক রক্ষণা বৈদিক যুব সেনা। পাশাপাশি বেঙ্গালুরুর মান্যতা টেক পার্কের সামনে এই ইস্যুতে বিক্ষোভ দেখিয়েছেন সেই সংগঠনের সমর্থকরা।
 
থার্টিফার্স্ট নাইটে বেঙ্গালুরুতে অনুষ্ঠান করার কথা বলিউডের আইটেম গার্ল সানি লিওনের। সেই ঘোষণার পর থেকেই নানা জায়গায় বিক্ষোভ দেখাতে শুরু করেন কর্নাটক রক্ষণা বৈদিক যুব সেনার সদস্যরা। তাদের দাবি, সানির অনুষ্ঠান বাতিল না করলে আগামী ৩১ ডিসেম্বর প্রকাশ্য রাস্তায় গণ আত্মহত্যার ঘটনা ঘটবে।
 
রক্ষণা বৈদিক যুব সেনা সম্পাদক হরীশ বলেন, ‘সানির অতীত ভাল নয়। ও যে সব পোশাক পরে সেটা আমরা সমর্থন করি না। আর এ সব অনুষ্ঠান পরিবারের সকলে দেখতে আসেন। তাদের সামনে এ ধরনের উদাহরণ তুলে ধরতে পারি না আমরা। সানি যদি শাড়ি পরে পারফর্ম করেন আমরা দেখতে যাব। না হলে আত্মহত্যা করব।’
 
এ নিয়ে দ্বিতীয় বার সানির অনুষ্ঠানের বিরোধিতা করল কর্নাটক রক্ষণা বৈদিক যুব সেনা। তাদের এই আচরণ বলিউডের বিভিন্ন মহলে সমালোচিত হয়েছে বলে খবর।
 
ইত্তেফাক/ রেজা