মেসির দলকে অনুপ্রাণিত করার ক্ষমতা নেই: ম্যারাডোনা

আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৭, ০৩:২৩
কথাটা আগেও অনেকবার বলেছেন দিয়েগো ম্যারাডোনা। কিন্তু বিশ্বকাপের বাছাইপর্বে ইকুয়েডরের বিপক্ষে লিওনেল মেসির অতি-মানবীয় পারফরম্যান্সের পরও সেই ধারণা থেকে এতটুকু সরে আসেননি আর্জেন্টাইন কিংবদন্তি। পূরণায় বলেছেন, মেসির দলকে অনুপ্রাণিত করার ক্ষমতা নেই।
 
মেসির হাত ধরে আগামী বছর রাশিয়া বিশ্বকাপের স্বপ্ন দেখা আর্জেন্টাইন ভক্তদের হতাশ করে ম্যারাডোনা বলেন, ‘মেসির দলের ২০ জনের সঙ্গে কথা বলার মতো ক্ষমতা নেই। আমি যেভাবে খেলোয়াড়দের অনুপ্রাণিত করতে পেরেছি, সেটা সে পারে না। সে শুধু সতীর্থদের বলবে, ‘তোমরা আমাকে কী জিজ্ঞেস করতে চাও? তারপর তারা তাকে সব ধরনের প্রশ্ন করবে। বিরক্তিকর।’
 
কয়েকদিন আগে পঞ্চম ব্যালন ডি’অর জয়ের পর নিজেকে ইতিহাসের সেরা দাবি করেছিলেন রোনালদো। কিন্তু পর্তুগাল তারকাকে নিয়ে ম্যারাডোনা বলেন, ‘রোনালদোকে বলুন, এইসব ফালতু কথা না বলতে। আমি মেসি, রোনালদোর চেয়ে বেশি ব্যালন ডি’অর জিততাম।’ ১৯৯৫ সালের আগে অ-ইউরোপিয়ানরা ব্যালন ডি’অর জয়ের যোগ্য ছিল না।
 
ইনজুরি থেকে ফিরে আল-জাজিরার বিপক্ষে শেষ মুহূর্তে গোল করে রিয়াল মাদ্রিদকে ক্লাব বিশ্বকাপের ফাইনালে নিয়ে গেছেন গ্যারেথ বেল। অথচ ওয়েলস তারকাই নাকি ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের চলতি মৌসুমে কম গোল পাওয়ার মূল কারণ!
 
আর্জেন্টিনাকে ১৯৮৬ সালে বিশ্বকাপ জেতানো কিংবদন্তি বলেন, ‘আমি ফ্লোরেন্তিনো পেরেজকে বলেছিলাম বেলকে বিক্রি করে দিয়ে কিলিয়ান এমবাপেকে আনতে। তিনি বলেছিলেন, তাদের রোনালদো আছে। তাদের বেলকে বিক্রি করে দেয়া উচিত। আমার মনে হয়, তারা সেটা করবে না। কিন্তু বেলকে হয়ত এসি মিলান কিংবা ইন্টারে চলে যেতে দেয়া ভালো।’
 
ইত্তেফাক/রেজা