বিজয় দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আওয়ামী লীগের শ্রদ্ধা

আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৭, ১২:৪৭
 
মহান বিজয় দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে আওয়ামী লীগ ও দলের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়েছে। 
 
শনিবার সকালে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বর সড়কের বঙ্গবন্ধু ভবনের সামনে রক্ষিত জাতির পিতার প্রতিকৃতিতে রাজনৈতিক দল ও সংঠনের নেতা-কর্মীরা পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। পরে তিনি আওয়ামী লীগের সভাপতি হিসেবে দলের সিনিয়র নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। 
 
পুষ্পস্তবক অর্পণের পর তিনি জাতির পিতার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে নীরবে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন। 
 
এরপর জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য এডভোকেট সাহারা খাতুন ও এডভোকেট আব্দুল মতিন খসরু, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এডভোকেট জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহম্মেদ হোসেন, মেজবাহ উদ্দিন সিরাজ, একেএম এনামুল হক শামীম, তথ্য ও গবেষনা সম্পাদক এডভোকেট আফজাল হোসেন, আইন বিষয়ক সম্পাদক শ ম রেজাউল করিম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য মারুফা আক্তার পপি ও এডভোকেট রিয়াজুল কবির কাউছার প্রমুখ উপস্থিত ছিলেন। 
 
এরপর ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, জাতীয় শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগসহ আওয়ামী লীগের অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠন শ্রদ্ধা নিবেদন করেন। বাসস  
 
 
ইত্তেফাক/ইউবি