সিদ্ধিরগঞ্জে ৫ হাজার লিটার চোরাই তেল সহ আটক ১

আপডেট : ১১ এপ্রিল ২০১৯, ২১:৪১

সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় র‌্যাবের অভিযানে প্রায় ৫ হাজার লিটার চোরাই তেলসহ আকাশ নামে একজনকে আটক করা হয়েছে। বুধবার বিকাল হতে রাত পর্যন্ত চলা অভিযানে র‌্যাব সদস্যরা তাকে গ্রেফতার ও চোরাই তেল উদ্ধার করে। সিদ্ধিরগঞ্জের আদমজীস্থ র‌্যাব-১১ এর প্রধান কার্যালয় থেকে বৃহস্পতিবার বিকালে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়।
   
র‌্যাব জানায়, সিদ্ধিরগঞ্জের গোদনাইল পদ্মা ডিপো সংলগ্ন রোডে চারটি চোরাই তেলের দোকানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ২৩টি তেলের ড্রামে ১৮৬০ লিটার ডিজেল, ৬৬০ লিটার অকটেন, ১৭২০ লিটার এটিএফ, ৪৪০ লিটার পেট্রোল ও ২২০ লিটার কেরোসিনসহ মোট চার হাজার ৯০০ লিটার চোরাই তেল উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৩ লাখ ৪৮ হাজার ৭৮০ টাকা। 

অভিযান চলাকালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তেল ওই চক্রের অন্য সদস্যরা পালিয়ে যায়। এ সময় আকাশ নামে একজনকে গ্রেফতার করা হয়। চক্রটি দীর্ঘদিন ধরে পদ্মা পেট্রোলিয়াম লি: এর সামনে ছোট ছোট দোকান বসিয়ে চোরাই তেলের ব্যবসা করে আসছিল। 

আরও পড়ুন: রাজশাহীতে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে পরীক্ষার্থীর আত্মহত্যা

র‌্যাব আরও জানায়, সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় অবস্থিত পদ্মা ও মেঘনা ডিপো এলাকায় ডিপো কেন্দ্রিক বেশ কয়েকটি চোরাই তেলের সিন্ডিকেট গড়ে উঠেছে। এই সিন্ডিকেটের কাছে কিছু অসাধু লরির ড্রাইভার ও হেলপার নামে মাত্র মূল্যে লরি থেকে চুরি করে তেল বিক্রি করে। এই চোরাই সিন্ডিকেটের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে। 
 
ইত্তেফাক/অনি