চরভদ্রাসনে বিজয় দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৭, ১৭:৪৪
ফরিদপুরের চরভদ্রাসনে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে শনিবার বেলা সাড়ে ১১টায় উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মো. সগীর হোসেনের সভাপতিত্বে চরভদ্রাসন সরকারী কলেজ মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী (নিক্সন)। 
 
প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধাদের উদ্দ্যেশে নিক্সন চৌধুরী বলেন, ‘আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান, আপনারা জাতির শ্রেষ্ঠ সন্তান। আপনারা এ দেশ স্বাধীন করেছেন বলেই আজ আমি এখানে দাঁড়িয়ে বক্তব্য দিতে পারছি। আমি গর্ভ করি আমার পিতা মুজিব বাহিনীর কোষাধ্যক্ষ ছিলেন, আমার বড় মামা শেখ ফজলুল হক মনি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন, আপনারা জাতির শ্রেষ্ঠ সন্তান। আজ আপনাদের ও আওয়ামী লীগের মধ্যে ভেদাভেদ কেন। যারা আজ বড় বড় কথা বলে, বঙ্গবন্ধুর নামে পাগল দেখায় তারা স্বাধীনতা যুদ্ধের সময় যৌবন বয়স থাকা সত্ত্বেও বঙ্গবন্ধুর ডাকে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে নাই। আজ তারাই বঙ্গবন্ধুর নৌকার নাম ভাঙিয়ে বেড়ায়। 
 
তিনি বলেন, আমরা এ প্রজন্ম নৌকার পক্ষে কাজ করছি, শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার অঙ্গীকার নিয়ে কাজ করছি। যারা খন্দকার মোস্তাকের মতন ২১বছর এ দেশে মুক্তিযোদ্ধাদের কথা বলতে দেয় নাই তাদের কাছে আপনারা মাথা নোয়াবেন না। আমি আমার নেত্রীর জীবন বাঁচাতে চাই, নেত্রীর পরিবারের জীবন বাচাঁতে চাই, মুক্তিযোদ্ধাদের সন্মান বাচাঁতে চাই, নৌকার বিপক্ষে না মাঝি পরিবর্তনের জন্য আন্দলোনে নেমেছি। আমার দাদী শেখ ফাতেমা বেগম বঙ্গবন্ধুর আপন বোন, আমার নানী শেখ আছিয়া বেগম শেখ মনির ‘মা’ বঙ্গবন্ধুর মেজ বোন, তাই নৌকা বেচা বন্ধ করেন। IMG0 
 
তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সব হারিয়ে আপনাদের জন্য ও এ দেশের উন্নয়নের জন্য দিন রাত কাজ করছে। আপনারা বঙ্গবন্ধুর রক্তের সাথে থাকুন শেখ হাসিনার সাথে থাকুন। 
 
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এ.জি.এম.বাদল আমিন, ভাইস চেয়ারম্যান মো. কাউসার হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান তানজিনা আক্তার, চরভদ্রাসন কলেজের অধ্যক্ষ প্রফেশর শীলা রানী মন্ডল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. শফিউদ্দিন খালাশি, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কালাম মাস্টার, মুক্তিযোদ্ধার সন্তান মো. আনোয়ার আলী মোল্লা, মো. মোতালেব মোল্যা ও মো. মোশাররফ হোসেন প্রমুখ।
 
ইত্তেফাক/এমআই